২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের পর সাম্প্রদায়িক সন্ত্রাস যেন না হয়: রানা দাশগুপ্ত

একাদশ সংসদ নির্বাচনের পর আগের মতো সাম্প্রদায়িক সন্ত্রাস যেন না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 06:46 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

ভোটের মাসে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এই যৌথ সংবাদ সম্মেলনে সব রাজনৈতিক দলকে তাদের

ইশতেহারে সাম্প্রদায়িক রাজনীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ারসহ ১২ বিষয় যুক্ত করার আহ্বানও জানানো হয়।

রানা দাশগুপ্ত বলেন, “আমরা আশা করব, আগামী নির্বাচনে ২০০১ ও ২০১৪ সালের মতো সাম্প্রদায়িক সন্ত্রাসের কোনো ঘটনা ঘটবে না।”

নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা যেন না ঘটে, সেজন্য সতর্ক থাকার কথা ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন।

দলগুলোর ইশতেহার প্রসঙ্গে রানা দাশগুপ্ত বলেন, রাজনৈতিক দলগুলোকে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোরভাবে দমন করার অঙ্গীকার করতে হবে।

সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন, ‘জাতীয় সংখ্যালঘু কমিশন’ এবং ‘সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, “আমরা আশা করব, নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো এসব দাবি পূরণের ঘোষণা থাকবে।”

Image
রানা দাশগুপ্ত (ফাইল ছবি)

রানা দাশগুপ্ত (ফাইল ছবি)

এছাড়া সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য অন্তত ১৫ শতাংশ এবং অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৫ শতাংশ কোটা রাখার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘পার্বত্য শান্তিচুক্তি’, ‘পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তিকরণ আইন’, ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন’ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দলগুলো ইশতেহারে রাখার আহ্বান জানানো হয়।  

রানা দাশগুপ্ত নারীর সমঅধিকার ও মর্যাদা রক্ষার জন্য যুগোপযোগী নারীনীতি প্রণয়ন, মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতি নীতি প্রণয়ন, মন্ত্রিপরিষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী সংখ্যালঘু থেকে প্রতিনিধিত্ব রাখার দাবিও জানান।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলমান রাখার দাবি জানিয়ে তিনি বলেন, “দুই বা ততোধিক ট্রাইব্যুনাল গঠন করে ২০২৪ সালের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে গণহত্যাকারীদের সংগঠন এবং পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।”

জামায়াতে ইসলামীকে জঙ্গি-মৌলবাদীদের ‘গডফাদার’ দল অভিহিত করে দলটি নিষিদ্ধের দাবি জানান রানা দাশগুপ্ত।

সংবাদ সম্মেলনে ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “এসব দাবি নিয়ে আমরা দীর্ঘকাল ধরে আন্দোলন করে আসছি। বিভিন্ন সময় সরকারের সঙ্গে মতবিনিময় করেছি, কাগজপত্র দিয়েছি। সরকার বলেছে এসব দাবির বিষয়ে বিবেচনা করবে; কিন্তু আমরা চাই এসব দাবি যেন নির্বাচনের ইশতেহারে থাকে।”

তিনি বলেন, “২৭ বছর ধরে আমরা বলছি জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। যারা একাত্তরে পাকিস্তানের সাথে গণহত্যার সঙ্গে যুক্ত ছিল এবং যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের নিষিদ্ধ চাই।”

উত্থাপিত দাবিগুলোর মধ্যে কোটায় নারীদের বিষয় না রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, “১৯৯৭ সালে যে নারী নীতি প্রণয়ন করা হয়েছিল, মোল্লাদের আপত্তিতে সেই নারী নীতি স্থগিত হয়ে গেছে। সেই নারী নীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে নারী-পুরুষের সমান অধিকার ও মযাদা নিশ্চিত হবে। সেই জন্য আমরা নির্দিষ্টভাবে কোটার কথা না বলে নারী নীতি বাস্তবায়নের কথা বলছি।”

পুরনো খবর:

সংখ্যালঘুরা অস্তিত্বের সংকটে: রানা দাশগুপ্ত