২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুরা অস্তিত্বের সংকটে: রানা দাশগুপ্ত

দেশের আড়াই কোটি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী অস্তিত্বের সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 05:50 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কথিত ধর্মীয় অবমাননার মিথ্যা ধুয়া তুলে প্রতিনিয়ত সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে; দেশত্যাগে তাদের বাধ্য করা হচ্ছে।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জাতীয় সম্মেলন সামনে রেখে এই সংবাদ সম্মেলন হয়।

ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সম্মেলনের উদ্বোধন করবেন বলে সাংবাদিকদের জানানো হয়।

দেশজুড়ে সংগঠনের প্রায় ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।

রানা দাশগুপ্ত বলেন, “ধর্মীয় বা জাতিগত পরিচয়ে নয়, নাগরিকের পরিচয়ে জীবন-জীবিকার সর্বক্ষেত্রে ন্যায্য হিস্যা আদায়ের ন্যায়সঙ্গত লড়াইকে জোরদার করার লক্ষ্য নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

অর্পিত সম্পত্তি ভুক্তভোগীদের প্রত্যর্পণে আইন থাকলেও তা বাস্তবায়নে আমলাতান্ত্রিক চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদের মধ্যে ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, সংগঠনের মহিলা শাখার সভাপতি প্রিয়া সাহা, পরিষদের নেতা উত্তম চক্রবর্তী ও অনুপম রায় এসময় উপস্থিত ছিলেন।