২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয় বহির্ভূত সম্পদ: অর্থদণ্ড স্থগিত চেয়ে হাফিজ ইব্রাহিমের আপিল

অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাই কোর্টের দেওয়া অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বির্তকিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই ও বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 02:29 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাই কোর্ট রায়ে হাফিজ ইব্রাহীমকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেয়; যেটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

সাংবাদিকদের এই আইনজীবী বলেন, হাই কোর্টের দেওয়া রায়ে থাকা ৫০ লাখ টাকা অর্থদণ্ড স্থগিত চেয়ে গত ২৫ নভেম্বর আপিল বিভাগে আবেদন করেছেন হাফিজ ইব্রাহীম। এর পরপরই হাই কোর্টের পূর্ণাঙ্গ রায়টিও বের হয়েছে।

দুদক আইনজীবী বলেন, বিচারিক আদালত হাফিজ ইব্রাহিমকে দুদক আইনের ২৭ (১) ধারায় ১০ বছর দণ্ড এবং একই আইনের ২৬ (২) ধারায় তিন বছরের দণ্ড ও জরিমানা করে রায় দেয়। হাই কোর্ট ২৭ (১) এর দণ্ড বাতিল করলেও ২৬ (২) এর দণ্ড বহাল রেখেছেন।

তবে হাফিজ ইব্রাহীম এই মামলায় কিছুদিন সাজা খাটায় বাকি সাজা আর খাটতে হবে না বলে জানান এই আইনজীবী।  

হাই কোর্ট তিন বছরের দণ্ড বহাল রাখায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে খুরশীদ আলম খান বলেন, “গত ২৭ নভেম্বর হাই কোর্টের দেওয়া আদেশের মধ্যে উনিও পড়তে পারেন বলে মনে হচ্ছে। তবে তিনি অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। যেটা এখনো শুনানির জন্য উপস্থাপন করা হয়নি।”

দুর্নীতির দায়ে বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা (কনভিকশন অ্যান্ড সেন্টেন্স) স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন বিএনপি নেতা আমান উলাহ আমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মো. মশিউর রহমান ও মো. আব্দুল ওহাব।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ গত মঙ্গলবার ওই আবেদন খারিজ করে দেয়।

হাই কোর্টের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যতক্ষণ না আপিলে ওই দণ্ড বাতিল হয়।

আদালতের এই আদেশের ফলে দুই দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার পথও আটকে যায়।

হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে এ মামলাটি হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। মামলায় ২০০৮ সালের ১৯ জুন হাফিজ ইব্রাহিমকে মোট ১৩ বছরে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। আপিলের পর হাই কোর্ট হাফিজ ইব্রাহিমকে খালাস দেয়।

খালাসের বিরুদ্ধে দুদকের আপিলের পর আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে মামলাটি ফের শুনানির জন্য হাই কোর্টে পাঠায়। এর বিরুদ্ধে হাফিজ ইব্রাহিম রিভিউ করলে সেটিও খারিজ করে দেয় আপিল বিভাগ।

পরে আপিল বিভাগের আদেশ মতে হাই কোর্টে বিভাগে এ মামলার পুনরায় শুনানি হয়। পরে ৬ ফেব্রুয়ারি হাই কোর্ট রায় দেয়।

এক সপ্তাহ আগে গত ২২ নভেম্বর হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলার বিষয়ে হাই কোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগ।

পুরনো খবর:

হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাত: হাই কোর্টের রায় স্থগিত
হাফিজ ইব্রাহীমকে কারাদণ্ড থেকে রেহাই, দিতে হবে জরিমানা