হাফিজ ইব্রাহীমকে কারাদণ্ড থেকে রেহাই, দিতে হবে জরিমানা
সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের মামলায় কারাদণ্ড থেকে রেহাই পেলেও ৫০ লাখ টাকা জরিমানা দিতে হবে বিএনপি নেতা হাফিজ ইব্রাহীমকে।
জরুরি অবস্থার সময় দুদকের দায়ের করা এ মামলায় নিম্ন আদালতের দেওয়া ১৩ বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই সিদ্ধান্ত দেয়।
অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে ২০০৮ সালে জজ আদালত হাফিজ ইব্রাহীমকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল। আপিল মঞ্জুর করে হাই কোর্ট তাকে এ অভিযোগ থেকে খালাস দিয়েছে।
একই মামলায় আরেক ধারায় সম্পদের তথ্য গোপনের দায়ে নিম্ন আদালত এই বিএনপি নেতাকে দিয়েছিল তিন বছরের কারাদণ্ড।
এর আগে হাই কোর্টের একটি বেঞ্চ হাফিজ ইব্রাহীমকে এ মামলায় খালাস দিলেও আপিল বিভাগ সেই রায় বাতিল করে আপিল পুনঃশুনানির নির্দেশ দিয়েছিল।
তারই ধারাবাহিকায় মঙ্গলবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ থেকে এই রায় এল।
হাই কোর্টে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলাম খান। হাফিজ ইব্রাহীমের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।
২০০১-২০০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের সময় ভোলা-২ আসনের (বোরহান উদ্দিন-দৌলতখান) সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা হাফিজ ইব্রাহীম। তার ভাই গিয়াসউদ্দিন আল মামুন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে ২০০৭ সালের ৮ মে গুলশান থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
এ মামলায় ২০০৮ সালের ১৯ জুন নিম্ন আদালতের রায়ে হাফিজ ইব্রাহীমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো দেড় বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতিতে সহযোগিতার দায়ে মাফরুজা সুলতানাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
২০১১ সালের ১৭ অক্টোবর হাই কোর্ট আপিল মঞ্জুর করে হাফিজ দম্পত্তিকে খালাস দেয়।
এর বিরুদ্ধে দুদক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করলে ২০১৫ সালের ২৪ অগাস্ট আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির নির্দেশ দেয়।
