বিএনপি নেতা হাফিজকে খালাসের রায় বাতিল
ঘোষিত আয়ের চেয়ে বেশি সম্পদ থাকার মামলায় বিএনপি নেতা হাফিজ ইব্রাহীমের খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দুদকের করা ‘লিভ টু আপিল’ নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এই মামলায় বিচারিক আদালত সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমকে দুই ধারায় ১৩ বছরের সাজা দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে এসে তিনি খালাস পান।
“এর বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে তিন মাসের মধ্যে হাই কোর্টে পুনরায় শুনানি করে আপিল নিষ্পত্তি করতে বলেছে।”
বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন বেঞ্চে এই আপিল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
২০০১-২০০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের সময় ভোলা-২ আসনের (বোরহান উদ্দিন-দৌলতখান) সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা হাফিজ ইব্রাহীম। তার ভাই গিয়াসউদ্দিন আল মামুন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে ২০০৭ সালের ৮ মে গুলশান থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
এতে বলা হয়, আসামিরা তাদের ঘোষিত আয়ের বাইরে অবৈধভাবে ২০ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৫৬৯ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। কমিশনে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে এসব সম্পত্তির তথ্য গোপন করেছেন তারা।
এই মামলায় ২০০৮ সালের ১৯ জুন নিম্ন আদালতের রায়ে হাফিজ ইব্রাহীমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো দেড় বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতিতে সহযোগিতার দায়ে মাফরুজা সুলতানাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ওই রায় ঘোষণার সময় হাফিজ ইব্রাহীম আদালতে উপস্থিত ছিলেন। তার স্ত্রী পলাতক ছিলেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাফিজ ইব্রাহীম হাই কোর্টে আপিল করেন। ২০১১ সালের ১৭ অক্টোবর হাই কোর্ট আপিল মঞ্জুর করে হাফিজ দম্পত্তিকে খালাস দেয়। এর বিরুদ্ধে দুদক ২০১২ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। এর ওপর শুনানি শেষে সোমবার আপিল বিভাগ নিষ্পত্তি করে আদেশ দেয়।
দুদক কৌসুলী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাফরুজা সুলতানা আপিল করেন, হাফিজ ইব্রাহীমের আপিলে হাই কোর্ট থেকে তিনি খালাস পান। তাই এখন তাকে আপিল করে জামিন চাইতে হবে।
