২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি আইবিএর শিক্ষক ধর্ষণ মামলায় কারাগারে

ধর্ষণের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 08:56 PM

Updated : 08 Apr 2022, 07:22 PM

ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান বৃহস্পতিবার এই শিক্ষকের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক শিহাব উদ্দিন এদিন আসামিকে আদালতে হাজির করলে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী শহিদুল ইসলাম।

শুনানিতে তিনি বলেন, “খালেদ মাহমুদ ভিকটিমকে চেনেন না। জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না।”

৩৫ বছর বয়সী ওই নারীর স্বামী বুধবার রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

এরপর রাতে ভাটারা থানার পুলিশ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে আটক করে।

মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রমের সম্পর্ক তৈরি করে ওই নারীকে ধর্ষণ করেন খালেদ মাহমুদ।

পুলিশের গুলশান জোনের একজন কর্মকর্তা জানান, শিক্ষক খালেদ মাহমুদের স্ত্রী পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার মেয়ে। স্ত্রীও তার নামে বৃহস্পতিবার ভাটারা থানায় একটি যৌতুকের মামলা করেছেন।
 
“যাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ, তাকে ওই শিক্ষকের বন্ধু হিসেবে অনেকে চেনে। তার স্বামী একজন ব্যবসায়ী।”

এ বিষয়ে  জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রকম একটা ঘটনা শুনেছি। এ সংক্রান্ত তথ্যগুলো পেলে আমরাও নিজেদের মত করে দেখব। তারপর প্রচলিত যে বিধি-বিধান, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”