২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু: যুবলীগ নেতা তুহিনের জামিন

ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্থানীয় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে জামিন দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 10:06 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

শনিবার সকালে ওই দুই কিশোরের মৃত্যুর পর রাতে তুহিনকে আটক করে পুলিশ। রোববার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মহানগর হাকিম দেবদাস অধিকারীর আদালতে রিমান্ড ও জামিন শুনানি হয়। পরে বিচারক রিমান্ডের আবেদন নাকচ করে তার জামিন মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালতের নিবন্ধন কর্মকর্তা এসআই নিজামউদ্দিন জানিয়েছেন।

শনিবার সকালে মোহাম্মদপুরের নবদোয় হাউজিংয়ে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের এক মনোনয়ন প্রত্যাশীর অনুসারীদের বহনকারী গাড়িতে প্রতিপক্ষের হামলার পর ওই গাড়ির চাপায় দুই কিশোরের মৃত্যু হয়।

এই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এবার ওই এলাকায় মনোনয়ন প্রত্যাশী সাদেক খান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, আদাবরের যুবলীগ নেতা তুহিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

আরিফুর রহমান তুহিন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত। গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর পদে নির্বাচন করে এক স্বতন্ত্র প্রার্থীর পরাজিত হন তিনি।

দুই দিনের মধ্যে আদাবরের ওই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন শনিবার রাতে।

এরপর মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর কবির নানক ও সাদেক খানের সমর্থকরা নিজেদের মধ্যে বৈঠক করেন।

রাত ১২টার দিকে দুইপক্ষের মধ্যে খবর ছড়িয়ে পড়ে সাদেক খান যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে পুলিশ ধরে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে মধ্যরাতে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।

রোববার সকালে তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করলেও কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি পুলিশ কর্মকর্তারা। তবে গ্রেপ্তারের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তাকে সাভারের এক যুবলীগ নেতার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় একজনের বাবা রাতে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।

মামলায় তিনি বলেছেন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে তার ছেলে আরিফ এবং তার বন্ধু সুজন মিয়াসহ ২৫/৩০ জন একটি পিকআপ গাড়ি যোগে নবীনগর হাউজিং এলাকা থেকে সাদেক খানের নির্বাচনী মনোনয়ন ফরম কেনার সমর্থনে মিছিল বের করে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের উদ্দেশে মিছিলটি রওনা দেওয়ার পরপরই সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানা এলাকার মোহাম্মদীয় হোমসের পূর্ব দিকে লোহার গেটে পৌঁছানোর সাথে সাথে সেখানে অপেক্ষমান ১৫-২০টি মটরসাইকেলে থাকা ২০-২৫ জন মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় চালক তার পিকআপটি দ্রুত পেছনে নেওয়ার চেষ্টাকালে আরিফ, সুজন ও শরীফ নামে তিনজন পড়ে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট হয়।

পরে তাদের হাসপাতালে নেওয়ার পর আরিফ ও সুজন মারা যায়। শরীফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে এজাহারে আরিফের বাবা ফারুক উল্লেখ করেছেন।

পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধ হয়ে আক্রমণ করে সাধারণ ও গুরুতর জখমসহ অপরাধজনক নরহত্যা করার অপরাধের অভিযোগ করা হয়েছে মামলাটিতে।

পুরনো খবর:

সংঘর্ষে মৃত্যু: ‘দুই দিনের মধ্যে’ ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
আদাবরে সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা তুহিন গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের সংঘর্ষে দুজন নিহত