সংঘর্ষে মৃত্যু: ‘দুই দিনের মধ্যে’ ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় দুই কিশোরের মৃত্যুর ঘটনা তদন্ত করে দুই দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “একটা বিষয় আজকে অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেছে আদাবরে। সে ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি। তিনি আমাকে বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নির্দেশনা জানিয়ে দিতে।
“দুই দিনের মধ্যে এই ঘটনা তদন্ত করে রিপোর্ট জানতে চান। একটি চমৎকার শান্তিপূর্ণ পরিবেশে কেন অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনা ঘটল-এ ব্যাপারে যারাই দায়ী হোক তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”
তফসিল ঘোষণার পরদিন শুক্রবার থেকেই ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। দলবল নিয়ে ফরম তুলছেন মনোনয়ন প্রত্যাশীরা।
শনিবার সকালে মোহাম্মদপুরের নবদোয় হাউজিংয়ে এক মনোনয়ন প্রত্যাশীর অনুসারীদের বহনকারী বাসে প্রতিপক্ষের হামলার পর ওই বাসের চাপায় মৃত্যু হয়েছে দুই কিশোরের।
এ ঘটনার জন্য স্থানীয় সাংসদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং এবার সেখানে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
রাস্তা আটকে সভা সমাবেশ না করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের সভা-সমাবেশ রাস্তা বন্ধ করে হয় না, আমরা নরমালি কোনো সভা সমাবেশ করলে শুক্র-শনিবার করেছি যে দিন ছুটির দিন ছিল। এটা যেন সবাই মেনে চলি।”
