২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের দুর্নীতি মামলা চলবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 01:04 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, “এ আদেশের ফলে মামলার বিচারিক কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা থাকল না। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, গত ২২ অক্টোবর শুনানির সময় হাই কোর্টে মির্জা আব্বাসের পক্ষে কেউ না থাকায় আদালত সেদিন আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। পরে তার আইনজীবীর আবেদনে আদেশটি ‘রিকল’ করা হয়।

গত বৃহস্পতিবার মির্জা আব্বাসের আইনজীবী এ জে মোহাম্মদ আলী ওই আবেদনের ওপর শুনানি করেন। রোববার আদালত তা খারিজ করে আদেশ দেয়।

ঘোষিত আয়ের বাইরে ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকার সম্পদ থাকা এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ অগাস্ট রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ওই মামলা করেন।

বর্তমানে ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।