দেবদাস উপন্যাসে লজিকের খুব অভাব: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে ‘যুক্তির অভাব থাকায় তাতে নানা অসঙ্গতি’ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলার আরেক আলোচিত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত ঢাকা লিট ফেস্টের অষ্টম আসরের সমাপনী দিন শনিবার এক সেশনে যোগ দিয়ে তিনি এ মূল্যায়ন তুলে ধরেন।
কালের কণ্ঠের সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় এই সেশনে যোগ দিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তুলে ধরেন নিজের লেখালেখির নানা অভিজ্ঞতা। আলোচনায় উঠে আসে শরৎচন্দ্রের ‘দেবদাস’ উপন্যাস প্রসঙ্গ।
শীর্ষেন্দু বলেন, “দেবদাস উপন্যাসে লজিকের খুব অভাব। শরৎচন্দ্র বড় অল্প বয়সে লিখেছিলেন। ওই বয়সে বুদ্ধি পাকে না। সেজন্য লেখায় গ্যাপ রয়েছে।”
তবে পরমুহূর্তেই আবার শরৎচন্দ্রের লেখনীর প্রশংসাও করেন তিনি।
“স্টোরি টেলিংয়ে শরৎচন্দ্রের মতো ম্যাজিশিয়ান বাংলা সাহিত্যে দ্বিতীয়টি নেই। তার মতো লেখক গত একশ বছরেও আমরা পাইনি।”
বাংলা সাহিত্যের ছাত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায় কাজ করেছেন আনন্দবাজার ও দেশ পত্রিকায়। তার প্রথম গল্প ‘জলতরঙ্গ’ ১৯৫৯ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়।
সাত বছর পরে ওই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তার প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ প্রকাশিত হয়।
পরে ‘মানবজমিন’, ‘গয়নার বাক্স’, ‘বিকেলের মৃত্যু’, ‘দুরবীন’, ‘পার্থিব’, ‘কাছের মানুষ’, ‘কাগজের বউ’সহ অনেক আলোচিত উপন্যাসের স্রষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজের সম্পর্কে বলেন, তিনি এখনও জনপ্রিয় লেখক হতে পারেননি।
নিজের অনেক গল্প, উপন্যাস যখন আলোচনায় আসেনি তখন সে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি বলে জানান তিনি।
শীর্ষেন্দু বলেন, “এতে আমার কিছু যায় আসে না। কারণ আমি পাঠকের জন্য নয়, নিজের জন্য লিখি।
“নিজের লেখা পছন্দ না হওয়া পর্যন্ত আমি চেষ্টা করে যাই। আমার মধ্যে অন্যমনস্কতা কাজ করে। অনেক সময় মনেও থাকে না আমি একজন লেখক।”
গল্প বা উপন্যাসের চরিত্র নির্মাণে চারপাশে দেখা চরিত্রগুলোকেই নানা আঙ্গিকে দেখতে শুরু করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তারপর তুলার গুটি থেকে সুতা পাকানোর মতো করে একটি চরিত্রের সঙ্গে আরেকটি চরিত্রের সংযোগ ঘটান তিনি।
“আমার গল্প, উপন্যাস যেন হয়ে ওঠে একটি প্রতিবেদন লেখার মতো। তবে এভাবে লেখা প্রত্যাশিত নয়। আমার লেখার ধরনটা বৈজ্ঞানিকও নয়। কিন্তু আমি নিরূপায়,” বলেন শীর্ষেন্দু।
দুই বার আনন্দ পুরস্কার এবং সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পাওয়া এই কথাসাহিত্যিক বলেন, “আমার লেখার কোনো ছক নেই, পরিকল্পনা নেই। আমার লেখার ধরন অদ্ভূত। লিখতে বসার আগে পর্যন্ত জানি না কী লিখব।”
লিট ফেস্টের শেষ দিনেও নানা আয়োজন
ঢাকা লিট ফেস্টের শেষ দিনেও সাহিত্য বিষয়ে ছিল নানা আয়োজন। শনিবার প্রথম প্রহরে ভাষার বৈচিত্র্য নিয়ে কথা বলতে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মঞ্চে ওঠেন কবি কামাল চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিনাত ইমতিয়াজ আলী এবং ভাষা গবেষক সৌরভ শিকদার।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং লিঙ্গুইস্টিকস সার্ভে অব বাংলাদেশের যৌথ গবেষণায় প্রকাশিত হতে যাচ্ছে ২০ ভলিউমের ভাষা বিষয়ক গবেষণা গ্রন্থ। বক্তারা মূলত সেই জরিপ নিয়েই আলোচনা করেন এখানে।
এদিন প্রথমার্ধে ছিল ‘সেভেন্টিওয়ান পোয়েমস’ সেশন। আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কবিতার সংকলন ‘পিস অ্যান্ড হারমনি: সেভেন্টিওয়ান পোয়েমস ডেডিকেটেড টু শেখ হাসিনা’।
এ আলোচনায় যোগ দেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কবি মোহাম্মদ সামাদ, কবি কামাল চৌধুরী, আবুল আজাদ, সংকলনের সম্পাদক আহমেদ রেজা, সংকলনের ইংরেজি অনুবাদক আনিস মুহাম্মদ প্রমুখ। সংকলনটি প্রকাশ করেছে ‘গল্পকার’ প্রকাশনী।
দুপুরে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ‘ব্রেক্সিট’ প্রসঙ্গে এক আলোচনায় উপস্থিত ছিলেন ব্রিটিশ ঔপন্যাসিক ও সাংবাদিক জেমস মিক, ভারতীয় লেখক জয়শ্রী মিসরা, কবি ও লেখক আহসান আকবার এবং জার্মান লেখক ওলগা গ্রাইজনোভা।
দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ফিকশন সাহিত্যের দুই তারকা পুলিৎজার পুরস্কারজয়ী অ্যাডাম জনসন ও ফিলিপ হেনশার যোগ দেন এক সেশনে।
দুপুরের অধিবেশনে ‘নো নোবেল: মি টু ইন লিটারেচার’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন জার্মান লেখক ওলগা গ্রাসনোয়া, ব্রিটিশ ঔপন্যাসিক ও অধ্যাপক ফিলিপ হেনশার, ব্রিটিশ লেখক রিচার্ড বিয়ার্ড, আমেরিকান লেখক রস পটার ও ভারতীয় লেখক, সম্পাদক ও সমাজকর্মী হিমাঞ্জলি শংকর।
এদিন রোহিঙ্গা বিষয়ক ‘রেইপ বাই কমান্ড: দ্য আফটারম্যাথ’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন সাংবাদিক জিউইন রবিনসন, এনজিওকর্মী রাজিয়া সুলতানা, ডা. মরিয়ম মোল্লা, মানবাধিকারকর্মী শিরিন হক।
আব্দুল করিম সাহিত্যবিশারদ অডিটোরিয়ামে বিকেলের প্রথম সেশনে ভিন্নধারার শিক্ষাব্যবস্থা নিয়ে ‘অন ড্রামডন হিল’শীর্ষক আলোচনায় লেখক আহসান আকবারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অস্কারজয়ী স্কটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটোন।
পরে সন্ধ্যায় ঢাকা লিট ফেস্টের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
