২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোটগুলো ক্ষমতা দখলের উপলক্ষ: সাংস্কৃতিক জোট

নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গড়ে উঠা জোটগুলোর কার্যক্রম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 06:59 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

নিদর্লীয় সরকারের দাবিতে নানা আন্দোলনে সরকার পতনের হুমকি, নানা আলটিমেটাম আসায় এই শঙ্কা তাদের।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছয় দফা দাবিও তোলা হয়।

নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ চলছে কয়েকদিন ধরেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “জাতির দুর্ভাগ্য হল স্বাধীনতার ৪৭ বছর পার হলেও আমরা জাতীয় নির্বাচন নিয়ে এখনো পূর্ণ ঐক্যমতে পৌঁছাতে পারিনি।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট, বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট, এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট, বাম দলগুলোকে নিয়ে বাম গণতান্ত্রিক জোট ছাড়াও ইসলামী দলগুলোকে নিয়ে গঠিত হয়েছে বিভিন্ন জোট।

সম্প্রতি পিপিপি নামে একটি নতুন জোটও আত্মপ্রকাশ করেছে।

বিভিন্ন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়াকে ‘শক্তি বৃদ্ধির’ কৌশল বলে মনে করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

গোলাম কুদ্দুছ বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘নির্বাচন ও আন্দোলন’ সকল ক্ষেত্রেই রাজনৈতিক দলসমূহের জোটবদ্ধ হওয়া কোন নতুন ঘটনা নয়। তবে বিবেচনায় রাখতে হবে এই ঐক্য বা জোট কি আদর্শগত, নাকি ক্ষমতা দখলের উপলক্ষ মাত্র।”

১৪ দলীয় জোট এবং বাম গণতান্ত্রিক জোটকে ‘আদর্শগত জোট’ হিসেবে উল্লেখ করলেও অপরাপর জোটগুলোর মধ্যে ‘মতাদর্শগত সুনির্দিষ্ট কোনো ঐক্য নেই’ বলেন কুদ্দুছ।

“নির্বাচনকে সামনে রেখে শক্তি বৃদ্ধি করাই এই সকল জোটের উদ্দেশ্য। আর সেই কারণে রাজনীতির মাঠে হুমকি-ধামকি দিতেও তাদের কার্পণ্য নেই।”

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের উপর ক্ষুব্ধ মহলটি নিরপেক্ষ নির্বাচনের দাবির আড়ালে দেশে-বিদেশে সরকার উৎখাতের নানাবিধ ‘ষড়যন্ত্রে লিপ্ত’ রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

গোলাম কুদ্দুছ বলেন, “সরকারবিরোধী কোনো কোনো নেতার হুমকি, ধমক এবং আলটিমেটাম পরিস্থিতিকে আরও জটিলতার দিকে নিয়ে যেতে পারে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি।”

পরে তিনি ৬ দাবি উত্থাপন করেন।

এই দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে ধর্মের ব্যবহার ও কালো টাকা-পেশি শক্তির ব্যবহার নিষিদ্ধ করা। মুক্তিযুদ্ধের চেতনা ও নীতিনৈতিকতা বিরোধী কোনো প্রচারণা হলে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, আক্তারুজ্জামান, আহম্মেদ গিয়াস, চারুশিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস, নৃত্যশিল্পী শেখ মাহফুজুর রহমান, আবৃত্তি শিল্পী ফয়জুল আলম পাপ্পু, কবি হানিফ খান।