লিট ফেস্টের অষ্টম আসর শুরু বৃহস্পতিবার থেকে
দেশ-বিদেশের কথাসাহিত্যিক, কবি, লেখক, অনুবাদক, অভিনেত্রীদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’-এর অষ্টম আসর।
সোমবার সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরে আয়োজক ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন জানায়, আগামী বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্ সিদ্দিকী এবং আহসান আকবর।
সাদাফ সায্ সিদ্দিকী বলেন, এবারের উৎসবের তিন দিনে ৯০টিরও বেশি সেশন অনুষ্ঠিত হবে। এবারের লিট ফেস্টে আলোচনা, পারফরম্যান্স চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে শতাধিক সেশন থাকছে। আরও আছে আনপ্লাগড মিউজিক কনসার্ট।
২০১১ সালে ‘হে ফেস্টিভাল’ নামে যে আয়োজনের শুরু হয়েছিল পরে ২০১৫ সালে তার নাম বদলে হয় ‘ঢাকা লিট ফেস্ট’।
বাংলাদেশ থেকে প্রায় দেড়শ’ লেখক, অনুবাদক, সাহিত্যিক ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।
থাকছেন আফসান চৌধুরী, আসাদুজ্জামান নূর, সৈয়দ মনজুরুল ইসলাম, কামাল চৌধুরী, আসাদ চৌধুরী, ফকরুল আলম, ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেনসহ দেড় শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আয়োজকরা বলেন, এবার এই আয়োজনে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মোহাম্মদ হানিফ আসছেন। পুলিৎজার, অন্দাজ্জে এবং বুকারের মতো সাহিত্য পুরস্কার বিজয়ী লেখকরা আসছেন।
বিদেশি অতিথিদের মধ্যে এবার অংশ নেবেন পুলিৎজার বিজয়ী মার্কিন সাহিত্যিক ও শিক্ষাবিদ অ্যাডাম জনসন, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও কলামিস্ট মোহাম্মদ হানিফ, ব্রিটিশ ঔপন্যাসিক ফিলিপ হেনশের, বুকার বিজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক জেমস মিক, ভারতীয় লেখিকা জয়শ্রী মিশরা, লন্ডন ন্যাশনাল অ্যাকাডেমি অব রাইটিংয়ের পরিচালক ও কথাসাহিত্যিক রিচার্ড বিয়ার্ড, ভারতীয় লেখিকা হিমাঞ্জলি শংকর, শিশুতোষ লেখিকা মিতালী বোস পারকিন্স, ওয়ালস্ট্রিট জার্নাল এশিয়ার প্রধান হুগো রেস্টল, মার্কিন সাংবাদিক প্যাট্রিক উইন এবং লেখক ও সাংবাদিক নিশিদ হাজারি।
এবারের আয়োজনে আসবেন ভারতীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঢাকা লিট ফেস্টের শেষ দিনের সেশনে যোগ দেবেন তিনি।
আয়োজন নিয়ে সাদাফ বলেন, এবারের আয়োজনে ছয় জন নারী কবির পাশাপাশি রোহিঙ্গা নারী ও নারী বাউল শিল্পীরা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার গল্প শোনাবেন।
তারকাদের তালিকায় এবার যুক্ত হচ্ছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি লিট ফেস্টে আসছেন নিজের আত্মজীবনী নিয়ে কথা বলতে।
পাকিস্তানের লেখক সাদাত মান্টোকে নিয়ে ভারতে নির্মিত ছবি মান্টোর প্রথম প্রিমিয়ার হবে বাংলাদেশে। সিনেমাটি নিয়ে কথা বলতে আসছেন অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট নন্দিতা দাস। তিনি কথা বলবেন নারী অধিকার, অভিনয় জীবনও বহুল আলোচিত হ্যাশট্যাগ ‘মি টু’ আন্দোলন নিয়ে।
বাংলাদেশের প্রবীণ শিক্ষা নিজের চলচ্চিত্রে অন্তর্ভূক্ত করতে অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন দ্বিতীয়বারে মতো আসছেন ঢাকায়। এই চলচ্চিত্রের বেশ কিছু অংশের শুটিংও করবেন তিনি।
বাংলাদেশে সাহিত্য জগতে স্বনামধন্য ‘জেমকন সাহিত্য পুরস্কার’ লিট ফেস্টের দ্বিতীয় দিনে ঘোষণা করা হবে। একই দিনে প্রথমবারের উদ্বোধন করা হবে ক্যামব্রিজ শর্ট স্টোরি প্রাইজ কর্তৃপক্ষের ‘ক্যাম্ব্রিজ শর্ট স্টোরি প্রাইজ’।
আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা গ্রান্টা ম্যাগাজিন দ্বিতীয়বারের মতো এই আয়োজনে যুক্ত থাকছে। তাদের চার জন প্রতিনিধি আসছেন বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করার জন্য।
শিশুদের জন্য মিতালি পাবলিকেশন্স আয়োজন করছে গল্প বলার আসর ‘রিকশা গার্ল’।
লিট ফেস্টের অপর পরিচালক আহসান আকবর বলেন, সম্প্রতি ভারতীয় প্রকাশনা সংস্থা সি গার্লের সঙ্গে তাদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলা সাহিত্যের বইগুলো অনূদিত হবে বিশ্বের বিভিন্ন ভাষায়।
বিভিন্ন সেশনের আনুষ্ঠানিক তালিকা ইতোমধ্যে লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এবং কি-স্পন্সর হিসেবে থাকছে ব্র্যাক।
