২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৭

র‌্যাব পরিচয়ে অপহরণসহ নানা অপরাধের জড়িত থাকার অভিযোগে রাজধানীতে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 03:56 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

রোববার রাত ১০টার দিকে ঢাকার কাউলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. কাসেম ওরফে জীবন (৫৮), মো. ইব্রাহিম খলিল (৪০), জাকির হোসেন সুমন ( (২৭), বিল্লাল হোসেন (৩২), আব্দুল  মন্নান (৫০), মো. সোহাগ (২৭) ও মো. আরিফ (২৮)।

সোমবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ খান বলেন, “ওই প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা অপরাধ চালিয়ে আসছিল। নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে তারা ভিকটিমদের গাড়িতে তুলে মারধর করে টাকা পয়সা নিয়ে নির্জন স্থানে ফেলে দিত।”

এ অভিযানে র‌্যাবের জ্যাকেট, হাতকড়া, ওয়াকিটকি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে মুফতি মাহমুদ জানান।

তিনি বলেন, “এই চক্রটি মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। গত দুই মাসে অপহরণসহ ১৩টি অপরাধের কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

দেলোয়ার নামে একজন দুধ ব্যবসায়ী, রফিক নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট এবং মহিউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে কীভাবে ওই চক্রের সদস্যরা মাইক্রোবাসে তুলে নির্যাতন করেছে- সেই বর্ণনা সংবাদ সম্মলনে তুলে ধরা হয়।

ভুক্তভোগীদের প্রায় সবাই বলছেন, ব্যাংক থেকে টাকা তোলার পর রাস্তায় র‌্যাব পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে মারধর করে টাকা হাতিয়ে নিয়ে তাদের নির্জন কোনো এলাকায় ফেলে দিয়ে যায় তারা।

গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মুফতি মাহমুদ খান জানান।