মিরপুরে পুড়ল পোশাকের দোকান
রাজধানীর মিরপুরে পোশাকের তিনটি বিক্রয়কেন্দ্রসহ কয়েকটি দোকান আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে জাতীয় সুইমিং কমপ্লেক্সের উল্টো দিকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এ ঘটনায় একটি স্টেশনারিজের দোকান এবং দুটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
