২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোহিনুর কেমিক্যালের এমডিকে দুদকে তলব

শত কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানে কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 08:20 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

আগামী ৭ নভেম্বর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় তাকে হাজির হতে নোটিস পাঠিয়েছেন সংস্থার উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল করিমকে তার কোম্পানির বনানীর অফিসের ঠিকানায় তলবের নোটিস পাঠানো হয়েছে।

কোহিনুর ক্যামিক্যাল কোম্পানি লিমিটেড ও রেজাউল করিমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিদেশে পাচার, প্রতিষ্ঠানের ক্রয়ে অনিয়ম, ঘুষ দেওয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের হাতে।

২০১৭ সালের মে মাসে এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।