২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিয়ে দলিত-আদিবাসীদের অধিকার আদায়ের পরামর্শ গওহর রিজভীর

দেশের দলিত সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে ভূমি ও সাংবিধানিক অধিকার আদায়ে ভোটের ক্ষমতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে দলিত ও সমতলের আদিবাসীদের জাতীয় কনভেনশনে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, “সব পার্টি তাদের নির্বাচনী ইশতেহার তৈরি করছে। আপনারা ঢাকায় এসেছেন। সব পার্টি অফিসে আপনাদের ডিমান্ড জানান, আপনাদের কথা ইশতেহারে যেন থাকে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই জনগোষ্ঠীকে ভোটের অধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে গওহর রিজভী বলেন, “আপনাদের হাতে ভোট আছে, সংখ্যা আছে। এই সংখ্যা আর ভোট যদি ব্যবহার করেন, তবে সব পার্টিকে আপনাদের ডিমান্ড মেনে নিতে হবে।”

‘দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্যে এই জাতীয় কনভেনশনে নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দশম সংসদ নির্বাচনের আগে তাদের ভূমি সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি।

এ অভিযোগের প্রেক্ষিতে গওহর রিজভী বলেন, “আমাদের সরকার ইশতেহারে বলেছিল, আদিবাসীদের জন্য ল্যান্ড ডোনেশন দেবে। আজ পর্যন্ত ল্যান্ড ডোনেশন হয়নি । হয়নি বলে যে কোনো সময় হবে না তা নয়। তার মানে এ নয় যে সরকার মুখ ফিরিয়ে নিয়েছে।”

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সব ধরনের কোটা বাতিলের বিরোধিতায় আন্দোলন করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা।

তবে গওহর রিজভী এই জনগোষ্ঠীর চাকরি সমস্যার সমাধানের জন্য কোটার বদলে সমান সুযোগ আদায়ের ওপর জোর দেন।

তিনি বলেন, “আজ আমরা কোটার কথা বলছি। কোটা কী? কোটা হল ইন্সট্রুমেন্ট । কিসের ইন্সট্রুমেন্ট? একটা প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য এই কোটা.... সকলে যেন এক লেভেলে চলে আসতে পারে, এজন্য কোটার কথা বলি।

“তবে আমরা যতই কোটার কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত প্লেয়িং ফিল্ড সমান করতে না পারি, কোটার কথা বলে লাভ হবে না। সবার আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চাকরি- এসব ব্যাপারে ইকুয়াল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তবেই গরীব ছেলেমেয়েরা সবার সঙ্গে কমপিট করতে পারবে।”

গওহর রিজভী বলেন, “আমরা এখন কোটা থেকে সরে গিয়ে বলছি অ্যাফারমেটিভ অ্যাকশনের কথা। এই অ্যাকশন নিতে পারলে আপনারা নিজেদের পজিশনে দাঁড়াতে পারবেন।”

২০৩০ সালের মধ্যে এসডিজিতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি ও সাংবিধানিক অধিকারের বিষয়ে আরও জোর দিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

দেশের প্রতিটি উপজেলায় জরিপ চালিয়ে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর কতজন সদস্য বসবাস করেন তা সঠিকভাবে তুলে আনার পরামর্শ দেন তিনি।

আর তা শেষ হলে জাতীয় পর্যায়ে একটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে মন্তব্য করে গওহর রিজভী বলেন, “এদিকে দুটো পয়সা দিলাম, ওদিকে চারটা পয়সা দিলাম, এভাবে হবে না। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান করতে হবে। না হলে আমরা আগাতে পারব না।”

সমতলের বাঙালিদের সঙ্গে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানের তফাৎ কমিয়ে আনতে না পারলে বৈষম্য ‘আরো বেড়ে যেতে পারে’ বলে অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও  দলিত জনগোষ্ঠীর মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে প্রয়োজনীয় নীতিকৌশল ও পরিকাঠামো তৈরির দাবিতে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্য নিয়ে এই জাতীয় কনভেনশনের আয়োজন করেছে দলিত ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি), হেকস/ইপার, পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি), সেন্টার ফর সোশ্যাল অ্যাক্টিভিজম (সিএসএ) ও ক্রিয়েটিভ মিডিয়া।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কনভেনশনের আহ্বায়ক সুলতানা কামাল বলেন, সরকারি হালনাগাদ তথ্যে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে সমতলে বসবাসরত দলিত ও  ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিসংখ্যান নিয়ে ‘বিভ্রান্তি’ রয়েছে।

“উভয় সম্প্রদায়ের মানুষ নিয়ে বিভ্রান্তি থাকায় তারা অবহেলিত রয়ে যাচ্ছে। এতে করে তাদের জন্য সরকারি উন্নয়নের বরাদ্দ থাকছে না। তারা শিক্ষা, স্বাস্থ্য, আয় ইত্যাদি ক্ষেত্রে ক্রমেই পিছিয়ে পড়ছে। ভূমি অধিকার ও সাংবিধানিক অধিকারে থেকেও পিছিয়ে থাকছে।”

দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে ভারতী রাণী দাস ও মাইকেল সরেন এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানবাধিকার ও সাংবিধানিক সঙ্কট তুলে ধরেন।

অন্যদের মধ্যে হাই কোর্টের বিচারপতি রেজাউল হাসান, জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপি বাংলাদেশ প্রতিনিধি মিয়া সেপ্পো, দলিত ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সভাপতি সাংসদ আব্দুল ওয়াদুদ, এপিপিজির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, সুইজারল্যান্ডের হেকস/ইপার বাংলাদেশের কর্মকর্তা ভিনসেন্ট হাগ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশনের পর ‘দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার: প্রসঙ্গ-বৈষম্য নিরোধ, সাংবিধানিক স্বীকৃতি ও মানবাধিকার’, ‘দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার: প্রসঙ্গ ভূমি ও আইনি সুরক্ষা ও মৌলিক সেবাসমূহে প্রবেশাধিকার’, ‘দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার: প্রসঙ্গ জলবায়ু পরিবর্তন, টেকসই অভিযোজন ও আর্থিক সেবাসমূহে প্রবেশাধিকার’ শিরোনামে তিনটি সেশন হয়।

বিকালে জাতীয় কনভেনশনের সমাপনী অধিবেশনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে একজোট হওয়ার আহ্বান  

ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বহাল রাখার দাবি  

আদিবাসীদের মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান মানবাধিকারকর্মীদের