২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে একজোট হওয়ার আহ্বান

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে না পালনের সমালোচনার পাশাপাশি বিভিন্ন নৃ-গোষ্ঠীকে আদিবাসী স্বীকৃতির দাবি উঠেছে ঢাকার অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 10:45 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠানে বক্তারা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনাও করেন।

‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর : প্রতিরোধের সংগ্রাম’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় এবার।

অনুষ্ঠানে আদিবাসী ফোরামের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, “মানুষ দুই কারণে দেশান্তরী হয়- রাজনৈতিক ও অর্থনৈতিক। আদিবাসীরা এই দুই কারণেই দেশান্তরী হচ্ছে। তাদের সব ধরনের অধিকার হরণ হচ্ছে। বাধ্য হয়ে অসংখ্য আদিবাসী নর-নারী বিদেশে পাড়ি জমিয়েছেন।”

তিনি বলেন, “বাংলাদেশের মাটি বাঙালিদেরও, আদিবাসীদেরও। আমাদের সবারই সমান অধিকার রয়েছে এই মাটির উপর। কিন্তু যখন আমাদের ভিটে-মাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে, প্রতিদিনই চলছে নিপীড়ন, সব ধরনের অধিকার হরণ করা হচ্ছে তখন আমাদের লড়াই চালিয়েই যেতে হবে।”

Image
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।ছবি: আসিফ মাহমুদ অভি

সকাল সাড়ে ১০টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের মূল আয়োজন। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

উন্নয়নের নামে আদিবাসীদের দেশ ও ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, “উন্নয়নের নামে আগেও আদিবাসীদের নিজ বাসভূমি থেকে বিতাড়ন করা হয়েছে, এখনও হচ্ছে। অনেক জাতিসত্ত্বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর জন্য প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যেতে হবে আদিবাসী জাতিসমূহের।

“যতদিন পর্যন্ত পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতেই হবে।”

দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতা ও কর্মীরা শহীদ মিনারের মূল বেদিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন। 

আদিবাসীদের দাবি আদায়ের নানা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে সমাবেশে অংশ নেয় বিভিন্ন নৃ-গোষ্ঠীর অসংখ্য মানুষ। আদিবাসী দিবসে সংহতি জানাতে এসেছিলেন বাঙালিরাও।

অনুষ্ঠানের শেষ দিকে অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, “শান্তিচুক্তির মধ্য দিয়ে পাহাড়ে নানা দ্বন্দ্ব-সংঘাত অবসানের উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দীর্ঘদিন হলেও শান্তিচুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

“আমরা মনে করি সরকার চুক্তি বাস্তবায়নের জন্য আন্তরিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সবার উপর অসাম্প্রদায়িক ছাতা মেলে ধরেছেন। তার ছায়ায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে।”

আদিবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, “আদিবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। দেশ থেকে বিতাড়নের ষড়যন্ত্র হচ্ছে। সব নৃ-গোষ্ঠীর সদস্যদের ঐক্য বজায় রাখতে হবে। নিজেদের ভেতর রক্তপাত হানাহানি বন্ধ করতে হবে।

“নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, “আদিবাসীদের জমিজমা জাল হয়ে যাচ্ছে। ১৯৫০ সালের যে আইন সে আইনে যে প্রটেকশন ছিল, তা কিন্তু কার্যকর করা হয় নাই।

Image
আন্তর্জাতিক আদিবাসী দিবসে বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। ছবি: আসিফ মাহমুদ অভি

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। ছবি: আসিফ মাহমুদ অভি

“এই দেশের মাটির উপর শেখ হাসিনার যতটুকু অধিকার, খালেদা জিয়ার যতটুকু অধিকার, সন্তু লারমা- সঞ্জীব দ্রংয়ের ততটুকু অধিকার আছে। তারা সেই মাটি আঁকড়ে ধরে নিরন্তর সংগ্রামে রত আছেন। কিন্তু সবাই তো সমান শক্তি রাখেন না, তাই অনেকেই দেশ ত্যাগ করছেন।

“এই আদিবাসী দিবসে আদিবাসী বন্ধুদের প্রতি আমার বার্তা থাকবে, এই মাটি আপনার। এই মাটি ছেড়ে যাবেন না। যেভাবেই হোক এই মাটির উপর আপনার অধিকারকে রক্ষা করতে হবে।”   

সমাবেশে আরও অংশ নেন লেখক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ, অধিকারকর্মী খুশি কবির, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত, ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, চাকমা রাজা দেবাশিষ রায় ও আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা।

সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। এরপর একটি শোভাযাত্রা শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি ঘুরে আবার শহীদ মিনারে ফিরে শেষ হয়।