২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসিতে বসেছে পৌনে ২৭ লাখ শিক্ষার্থী

দেশের দুই হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে পৌনে ২৭ লাখ শিক্ষার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 10:11 AM

Updated : 11 Oct 2022, 12:44 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেএসসিতে বাংলা, বাংলা প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা চলছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণি পড়ুয়াদের এই পরীক্ষা চলবে  আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

এবারের ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। অর্থাৎ ছাত্রদের চেয়ে এবার ছাত্রীর সংখ্যা ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন বেশি।

আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষায় বসেছে।

গত বছর এ পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন অংশ নিয়েছিল। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন।

এবার জেএসসিতে ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসিতে ৩৪ হাজার ২৫১ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

গতবার এক থেকে তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছিল তারাও এবার ওইসব বিষয়ে পরীক্ষা দেবে। এরকম শিক্ষার্থীর সংখ্যা জেএসসিতে ২ লাখ ৩০ হাজার ৭৮৫ জন এবং জেডিসিতে ৩০ হাজার ৫৪৮ জন।

বিদেশের নয়টি কেন্দ্রে এবার ৫৭৮ জন জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে । পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীরা মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ।

শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রালপলসিজনিত প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবে অতিরিক্ত ৩০ মিনিট।

এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে।