২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

নানা অনিয়মের অভিযোগ পেয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 08:25 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

দুদকের সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার এ অভিযানে যায়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, কারিগরি ব্যবস্থাপনায় ত্রুটি ও অবহেলার কারণে রোগীদের মৃত্যু এবং সার্বিক অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতালের অধ্যাপক ডা. এম আর সিজারকে দুদক দল জিজ্ঞাসাবাদ করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটি কোটি টাকা ব্যয়ে জীবাণুনাশক অটোক্লেভ মেশিন ক্রয়ের উদ্যোগ নিলেও হাসপাতালে দুটি অকেজো মেশিন ব্যবহৃত হচ্ছে। ফলে জীবানুমুক্তকরণের ব্যবস্থা না করেই রোগীদের হৃদযন্ত্রের অপারেশন চলছে এবং গত অগাস্টের পর ইনফেকশনে রোগী মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

“হাসপাতালের দুটি অপারেশন থিয়েটারের মধ্যে একটি চালু আছে। অপরটিতে পানি পড়ার কারণে অপারেশন কাজ বন্ধ রেখে সংস্কার করা হচ্ছে। পানি পড়ার কারণে ইনফেকশন ঘটার সম্ভাবনা রয়েছে বলে তিনি (ডা. এম আর সিজার) স্বীকার করেন।”

এদিকে হাসপাতালে রোগীদের শয্যা পেতে ওয়ার্ডবয়দের ৫০০ টাকা থেকে এক হাজার টাকা ঘুষ নেওয়ার প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন দুদকের সহকারী পরিচালক ফারজানা।

তিনি বলেন, এছাড়া সিরিয়াল ভেঙে ২০০ টাকা থেকে ২৫০ টাকায় ইসিজি করানো এবং ডেথ সার্টিফিকেট নেওয়ার সময়ও স্বজনদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা ঘুষ নেওয়া হয়।

হাসাপাতালের চিকিৎক এম আর সিজার ওয়ার্ডবয় এবং আনসার সদস্যদের ‘দৌরাত্ম্যের’ কথা দুদকের কাছে স্বীকার করেন বলে জানান প্রনব কুমার।

তিনি বলেন, “তাদের অপসারণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি (ডা. এম আর সিজার) জানান। শিগগির দুর্নীতিবাজ কর্মচারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি দুদক টিমকে আশ্বস্ত করেন।”

অভিযান দলের সমন্বয়ক ও দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “হৃদরোগ হাসপাতাল ব্যবস্থাপনায় অনুশাসন ভেঙে পড়েছে, এটা ক্ষমার অযোগ্য। এ ব্যর্থতা নিয়ে কারও দায়িত্বে থাকা উচিৎ নয়। দ্রুত এসব অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর না করতে পারলে দায়িত্বপ্রাপ্তদের দুদকের জবাবদিহিতার আওতায় আনা হবে।”