২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ৩ জনকে ধাক্কা দিয়ে ফেলে দিল বড় ছাত্রটি

স্কুলের তৃতীয় তলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে গল্প করছিল তিনজন। আচমকাই ঘটে যায় ঘটনাটি। কিছু বুঝে ওঠার আগেই নবম শ্রেণির আরেক ছাত্র ছুটে এসে তিনজনকেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 08:12 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

পুরান ঢাকার আরমানিটোলা হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে ঘটে ওই ঘটনা।

তিন শিক্ষার্থীকে ফেলে দেওয়ার পর নবম শ্রেণির ওই ছাত্রকে আটক করেছে পুলিশ। 

বংশাল থানার ওসি মো. সাহিদুর রহমান বলেন, “তাকে মানসিকভাবে কিছুটা অসুস্থ মনে হয়েছে। তবে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সাহিদুর বলেন, “দুপুরে স্কুলের তৃতীয় তলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সপ্তম শ্রেণির ছাত্র তাসিন রহমান আবির (১২), ওমর ফারুক আরিয়ান (১৩) ও ষষ্ঠ শ্রেণির হাবিব (১০) গল্প করছিল। হঠাৎ নবম শ্রেণির ছাত্রটি ছুটে এসে তাদের আচমকা ধাক্কা দিয়ে ফেলে দেয়।”

আহত আবির ও হাবিবকে ঢাকা মেডিকেলে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া। আর ফারুককে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।