মুক্তিযোদ্ধা হত্যায় সৎভাইসহ দুই জনের মৃত্যুদণ্ড
পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর শিবপুরে এক মুক্তিযোদ্ধা খুন হওয়ার ঘটনায় তার সৎভাইসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মনির কামাল আসামিদের উপস্থিতিতে দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
প্রাণদণ্ডের আদেশ পাওয়া দুজন হলেন- মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সৎভাই মো. জাকির হোসেন এবং আমজাদ হোসেন।
এছাড়া আসামি মো. আবদুল মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এ মামলার ছয় আসামির মধ্যে মো. শাহীন, মো. জাহাঙ্গীর আলম, মো. রফিক মিয়াকে খালাস দেওয়া হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৬ মার্চ রাতে শিবপুরের বিরাজনগর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে কুপিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় তার ছেলে মো. রিমন মিয়া শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, সম্পত্তির বিরোধে আসামিরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মামলার বিচারে মোট ১৪ জনের সাক্ষ্য শুনে মঙ্গলবার রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামলার বাদী রিমন সাংবাদিকদের বলেন, “আসামি মো. শাহীনকে বিচারক খালাস দিয়েছেন। সে ছিল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”
