পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে, ভোগান্তি চলছেই
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও সারা দেশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। নগর পরিবহন বন্ধ রাখায় ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে অব্যাহত রয়েছে সাধারণ মানুষের ভোগান্তি।
রোববারের মত সোমবারও রাজধানীর কয়েকটি এলাকায় পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে আছেন। বাস বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা ও রিকশা চলাচল করছে রাস্তায়। প্রতিটি মোড়ে মোড়ে দেখা যাচ্ছে গাড়ির অপেক্ষায় থাকা অসংখ্য মানুষের ভিড়।
সাধারণ মানুষকে জিম্মি করে শ্রমিকদের এই আন্দোলনে ক্ষোভ প্রকাশ করে ফাহমিদা জিগর জাহান নামে সাভারের একজন ফেইসবুকে লিখেছেন, “গতকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট। পরিবহন শ্রমিকদের দাবি অযৌক্তিক। দেশের মানুষের ভোগান্তি। হেঁটে, রিকশায় ৩২ কিলোমিটার সড়ক চলেছি আজ।”
আগের দিনের মত সোমবারও ঢাকায় বিআরটিসির বিভিন্ন ডিপো থেকে বাস ছেড়েছে, তবে সংখ্যায় তা একেবারেই নগন্য। সেসব বাস চলাচলে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে বলেও বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন।
পরিবহন শ্রমিকদের বাধায় গাজীপুর থেকে মতিঝিল এবং গাবতলী রুটে বিআরটিসি কোনো বাস চলতে পারছে না জানিয়ে গাজীপুর ডিপোর ব্যবস্থাপক মো. শাহরিয়ার বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজন্য শুধু কুড়িল বিশ্বরোড থেকে ভুলতা রুটে বাস চালাচ্ছেন তারা।
মিরপুর ১২ নম্বর এলাকায় শ্রমিকরা অবস্থান নেওয়ায় বিআরটিসির মিরপুর ডিপো থেকে ভোরেই সব বাস বের করে দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ব্যবস্থাপক মো জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “গতকাল তাদের বাধায় আমরা কোনও বাস বের করতে পারিনি। এজন্য আজ ভোরে ৮০টার মত বাস বের করে দিয়েছি। সেগুলো বিভিন্ন রুটে চলবে। পরিবহন শ্রমিকরা মিরপুর ১২ নম্বর এবং আশেপাশে অবস্থান নিয়েছে।”
মহাখালী ও গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনালে কাউন্টার খোলা থাকলেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না বলে জানিয়েছেন মালিক সমিতির প্রতিনিধিরা।
সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শ্রমিকরা কোনো বাস বের করতে দিচ্ছে না।
গাবতলীর ঈগল পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে কাউন্টার খুইল্যা বইস্যা আছি। আশা করছিলাম, ড্রাইভাররা আস্তে আস্তে গাড়ি ছাড়া শুরু করবে। কিন্তু তারা কেউ আসতেছে না।“
সোহাগ পরিবহনের আরজু হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ছাড়ার প্রস্তুতি নিলেও শ্রমিকরা বাধা দিচ্ছে বলে তারা খবর পোয়েছেন।
টেকনিক্যাল মোড়ের সাকুরা পরিবহনের ব্যবস্থাপক কাজী আব্দুল হক বলেন, “বাস ড্রাইভারদের আমরা অনুরোধ করেছি, যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে চলাচল শুরু করতে। তাদের সেই এক কথা, দাবি না মানলে গাড়ি চলবে না।”
অবশ্য রাজশাহী-নাটোর রুটে চলাচলকারী তিনটি পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পরিবহন শ্রমিকদের এই আন্দোলনে মালিকদেরও প্রত্যক্ষ সমর্থন রয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গাবতলী বাস ট্রাক মালিক সমিতির নেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আমরা মালিকরা কখনো বলি নাই, বাস চালাইও না। ড্রাইভাররা মালিকদের কোনো কথা শুনতেছে না। তারা তাদের মত করে আন্দোলনে নামছে। তাদের কাছে তো আমরাও জিম্মি হইয়া আছি।”
মহাখালী টার্মিনাল থেকেও সারা দিনে কোনো বাস ছাড়েনি বলে জানান মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম।
অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সার্ভিসের মোটরসাইকেল চালকরাও অ্যাপে না গিয়ে চুক্তিতে অতিরিক্ত ভাড়ায় যাচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
ধোলাইরপাড় থেকে নিকেতনে আসা সঞ্জয় বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় বাস নেই দেখে উবার মোটো কল করেছিলাম। সাধারণত যত টাকায় যাই, তার চেয়ে আজকে প্রায় দ্বিগুণ রেট দেখাচ্ছে অ্যাপে। নিরুপায় হয়ে তাই দিয়ে অফিসে আসতে হয়েছে। “
সঞ্জয় জানান, পথে দুই একটি বিআরটিসির বাস চললেও তাতে তিল ধারণের ঠাঁই ছিল না। যাত্রীরা ঝুঁকি নিয়ে বাসের দরজায় ঝুলছিলেন।
মেরুল বাড্ডা এলাকা থেকে মতিঝিলগামী ব্যাংক কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, বাস না থাকায় তিনি অটোরিকশা ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ভাড়ায় বনেনি। শেষ পর্যন্ত আরেকজনের সঙ্গে ‘শেয়ারে’ রিকশায় করে অফিসে যেতে হয়েছে।
উত্তরার আবদুল্লাহপুর এলাকায় রিকশা ভ্যান বা অটোরিকশায় করে বহু মানুষকে ঢাকার দিকে আসার চেষ্টা করতে দেখা যায়। আবদুল্লাহপুরে কিছু মোটর সাইকেল চালকও অর্থের বিনিময়ে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিচ্ছেন।
গাজীপুরের মাওনা চৌরাস্তায় যাওয়ার যানবাহন না পেয়ে সড়কে দাঁড়িয়ে ছিলেন পাঁচ নির্মাণ শ্রমিক। তাদের একজন আবদুর রহিম জানালেন, বসুন্ধরা এলাকা থেকে অটোরিকশায় করে আবদুল্লাহপুর এলেও গাড়ি না পাওয়ায় আর এগোতে পারছেন না।
রামপুরার উলন এলাকা থেকে অসুস্থ মাকে নিয়ে ধানমণ্ডিতে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল শরীফুল ইসলাম রোকনের। কিন্তু অটোরিকশা না পেয়ে রিকশায় করেই মাকে নিয়ে রওনা হন তিনি।
গত ২৯ জুলাই রাজধানীতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর সারা দেশে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের প্রেক্ষাপটে সরকার দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা সড়ক পরিবহন আইন পাস করে। কিন্তু ওই আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলো বাতিল করার দাবি তুলেছেন পরিবহন শ্রমিকরা।
তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।
পরিবহন শ্রমিকদের এই দাবির বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে তো পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।”
পরিবহন শ্রমিকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “তাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে কোনো ন্যায়সংগত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।”
অবশ্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান এই ধর্মঘট নিয়ে কথা বলতে চাননি।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন মন্তব্য নয়।”
জেলায় জেলায় দুর্ভোগ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেলা প্রতিনিধিরা তাদের এলাকায় সড়ক-মহাসড়ক ঘুরে জনদুর্ভোগের চিত্র দেখতে পেয়েছেন।
মাগুরা প্রতিনিধি জানান, ধর্মঘট সফল করতে শ্রমিকরা সকাল থেকে মাগুরা বাস টার্মিনালসহ একাধিক স্থানে অবস্থান নেন। এ সময় তারা সড়কে চলাচলকারী তিন চাকার যানবাহন বন্ধ করে দেন। এমনকি সংবাদপত্রবাহী যানবাহন থেকে যাত্রী ও মালপত্র পর্যন্ত নামিয়ে দেন।
মুন্সীগঞ্জের চিত্র একটু অন্য রকম। সেখানে ছোট যান চলাচল করছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়ক দুটির বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়েছেন। তবে লঞ্চ, ফেরি, স্পিডবোট, অটোরিকশাসহ ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গণপরিবহন না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। মহাসড়ক ছিল ফাঁকা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শিমুলিয়া ঘাটে ঢাকা-মাওয়ার লোকাল বাসগুলো পাকিং ইয়ার্ডে থাকলেও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
গণপরিবহন চলাচল না করায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়তে হয়েছে চরম বেকায়দায়। তবে কেউ কেউ অটোরিকশা, সিএনজি ও লেগুনায় করে গন্তব্যে যাচ্ছেন। তাদের অতিরিক্ত খরচ করতে হয়।
ফেনী প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানশূন্য দেখা গেছে। ফেনী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। জেলার অভ্যন্তরীণ রুট বা শহরেও চলছে না ছোট-বড় কোনো পরিবহন। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
গোপালগঞ্জের চিত্রও একই রকম।
গোপালগঞ্জ প্রতিনিধি বিভিন্ন রাস্তা ঘুরে দেখে জানান, জেলার অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে। অতিরিক্ত সময় ও টাকা ব্যয় করে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন অনেকে। জরুরি প্রয়োজনে বাড়ি এসে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সময়মত ফিরতে পারেননি।
