কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পুনঃনির্বাচনের দাবি
অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনে ও আশপাশের এলাকায় এই দাবিতে বিক্ষোভ করেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, তফসিল ঘোষণা না করেই পছন্দমতো ব্যক্তিদের নিয়ে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করে নির্বাচন করা হয়।
সাবেক কমিটির পরিচালক জাকির হোসেন রনি বলেন, ২৯ সেপ্টেম্বর আটটি বিভাগে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের নির্বাচনে চারটি প্যানেলে ১৬০ জনের বেশি প্রার্থী থাকলেও এবার একটি প্যানেলে ৪৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়, যাদের মধ্যে ৪৩ জন পাশ করে।
“এটা থেকে পরিষ্কার যে, এই নির্বাচন একপেশে ও সাজানো। পুনঃনির্বাচন না দেওয়া হলে আমাদের বিক্ষোভ চলবে।”
অনিয়মের বিষয় জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সাবেক কমিটির সহ-সভাপতি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৯ তারিখে অনুষ্ঠেয় নির্বাচনে আমিও জয়লাভ করেছি। কিন্তু আমার মনে হয়েছে নির্বাচন নিয়ম অনুযায়ী হয়নি। তাই পদত্যাগ করছি।”
তবে বর্তমান কমিটির সভাপতি মো. ছাদেকুর রহমান বলেন, “আবদুল হাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে চেয়েছিল। কিন্তু হতে বা পেরে এটা (পদত্যাগ) করেছে।
সব নিয়ম মেনেই নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, “আগের নির্বাচনে ঢাকা বিভাগে প্রার্থীর সংখ্যা বেশি ছিল বলে অনেক প্রার্থী ছিল। কিন্তু এবার ঢাকার প্রার্থী কম ছিল।”
