২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নৌ প্রকৌশলী নাজমুলের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ঘুষের পাঁচ লাখ টাকাসহ গ্রেপ্তার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2018, 06:27 PM

Updated : 19 Aug 2022, 02:45 PM

বুধবার কমিশন থেকে এ অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেছেন, শিগগিরই আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হবে।

গত ১২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁ থেকে ফাঁদ পেতে নাজমুলকে ঘুষের টাকাসহ গ্রেপ্তারের কথা জানায় দুদক।

ওই দিনই রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে একটি মামলা করেন। এরপর ১৯ এপ্রিল আদালত তাকে একদিনের রিমান্ডেও পাঠিয়েছিল।

ধরা পড়ার পর নাজমুলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। কিছুদিন কারাবাসের পর তিনি জামিনে বেরিয়ে যান।

নাজমুলের বিরুদ্ধে অভিযোগ, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হক ১৫ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে জানালে ঘুষ দেওয়ার ফাঁদ পেতে নাজমুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বছরের ১৮ জুলাই নিজের কার্যালয়ে বসে ‘ঘুষ নেওয়ার সময়’ নৌ পরিবহন অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল দুদক।

ফখরুল গ্রেপ্তার হওয়ার পর গত বছরের ২০ অগাস্ট প্রধান প্রকৌশলীর পদে চলতি দায়িত্বে আসেন নাজমুল হক।

পুরনো খবর:

ঘুষ: রিমান্ড শেষে কারাগারে বরখাস্ত প্রধান নৌ প্রকৌশলী