২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজার বৈশাখী মাঠে হবে ‘শিশু অঞ্চল’

রায়েরবাজার বৈশাখী মাঠকে সব বয়সের মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হবে; এর অংশ হিসেবে মাঠের বৈশিষ্ট্য ঠিক রেখে ছোট আকারে একটি শিশু অঞ্চলও রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2018, 09:05 PM

Updated : 11 Oct 2022, 12:41 PM

শিশু অঞ্চল তৈরির নকশা প্রণয়নে সহায়তা নিতে সোমবার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে ইউএনহ্যাবিট্যাটের আর্থিক সহযোগিতায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এ শিশু অঞ্চল তৈরি করবে।

সোমবার বৈশাখী মাঠে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, রায়েরবাজারে ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের প্রায় তিন লাখ মানুষের একমাত্র মাঠ বৈশাখী খেলার মাঠ। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় নয় থেকে ১৮ বছরের কোনো কন্যা শিশু মাঠ ব্যবহার করতে পারে না। এছাড়া নারী, প্রতিবন্ধী, ৫ বছরের কম বয়সী শিশুদের মাঠ ব্যবহারের সুযোগ নেই।

মতবিনিময় সভায় জানানো হয়, এলাকাবাসীর চাহিদা অনুযায়ী শিশু অঞ্চলে দোলনা, স্লিপারসহ অন্যান্য খেলার উপকরণ স্থাপন করা হবে।

পাশাপাশি শিশু অঞ্চলটিতে বেঞ্চ, গাছ এবং পাশের দেয়াল চিত্রকর্মের মাধ্যমে আকর্ষণীয় করা হবে। এতে এলাকার নারী বা বয়স্ক ব্যক্তি তাদের শিশুটিকে নিয়ে মাঠে আসতে উৎসাহিত হবেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ।

তিনি বলেন ডিএনসিসি খেলার মাঠ এবং পার্ক সবার ব্যবহার উপযোগী করতে ইতিমধ্যে ২২টি পার্ক ও চারটি খেলার মাঠ উন্নয়নের কাজ শুরু করেছে।

“এর মধ্যে রায়েরবাজার বৈশাখী খেলার মাঠ অন্যতম। প্রাথমিক পর্যায়ে মাঠে শিশু অঞ্চলের কার্যক্রম শুরু করা হয়েছে। অতিদ্রুত আমরা মাঠের বাকি কাজ সম্পন্ন করে সবার উপযোগী হিসেবে গড়ে তুলব।”

৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনহ্যাবিট্যাটের কো-অর্ডিনেটর মো. সোহেল রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক নূরুল হক মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।