শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাংবাদিকদের সমর্থন চাইলেন ইকবাল সোবহান
আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিজয়ী করতে সাংবাদিকদের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জয়ী হয়ে আসলে দেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত হবে।
“২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশ হব। যেই অগ্রযাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শুরু হয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখব। এই অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যেতে চাই।”
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান মঙ্গলবার ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ আয়োজিত এক সভায় একথা বলেন।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের বিজয় নিশ্চিত করতে হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নকে কাজে লাগাতে হবে। এখানে তারাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারবে। তাদের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাথে সভার আয়োজন করতে হবে।”
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, “আগামী দিনগুলোতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে প্রযুক্তিগত দক্ষতা অর্জন। এই প্রযুক্তির অপব্যবহার করে স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের অপতৎপরতা চালাতে পারেন। এজন্য দরকার সবার একটি ঐক্যবদ্ধ সুপরিকল্পনা।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, বর্তমান মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
