জগন্নাথে যৌন হয়রানি: আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আটক ছাত্রলীগের ২ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ।
অভিযোগ পাওয়ার পর মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জয়নুল আবেদীন এবং একই বিভাগের মোবারক ঠাকুর প্রিন্সকে শনিবার পুলিশের হাতে তুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পুলিশ তাদের দুজনকে কোতোয়ালি থানায় নিয়ে গেলেও রোববার খবর নিয়ে জানা যায়, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি ওসি মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিকটিম বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ কোনো অভিযোগ করেনি, তাই আমরা ছেড়ে দিয়েছি। কোনো অভিযোগ না পেলে তো কাউকে আটক রাখতে পারি না।”
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রের বিরুদ্ধে একজন নারী ভর্তিচ্ছুর সঙ্গে অশালীন আচরণের একটি লিখিত অভিযোগ পেয়েছি।
“এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক কোতোয়ালি থানায় সোপর্দ করেছি। আগামী কর্মদিবসে সর্বোচ্চ মহলে আলোচনা করে তাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।”
রোববার বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ পুলিশকে সহায়তা করা, মামলা করবে ভিকটিম। আমরা আাগামীকাল উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে একাডেমিক সিদ্ধান্ত নেব।”
শনিবার অভিযোগের মুখে থাকা ওই ছাত্রকে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীদের বাধার মুখে পড়েছিল পুলিশ। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা গিয়ে ছাত্রলীগকর্মীদের শান্ত করেন।
এই দুই ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সমর্থক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
তরিকুল ইসলাম তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যারা অন্যায় করবে, তাদেরকে শাস্তি পেতে হবে, সে যেই হোক না কেন।”
অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে দেয় ছাত্রলীগের কর্মীরা
এদিকে ভর্তিচ্ছু ওই নারী শিক্ষার্থীর বাবা কর্তৃপক্ষ ও পুলিশের এই পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অত্যন্ত হতাশ। ছোট একটা মেয়ে পরীক্ষা দিতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়ার পর তার মানসিক অবস্থাটা একবার চিন্তা করেন তো? সামনের পরীক্ষাগুলো সে কীভাবে দেবে?
“এমনিতেই অনেক চাপ, তারপর এমন একটা ঘটনা। তাদের পুলিশে দিল, আবার পুলিশ কয়েক ঘণ্টা পর ছেড়ে দিল!”
আপনি কেন মামলা করেননি- এ প্রশ্নে তিনি বলেন, “মামলা করলে বার বার থানা-পুলিশ করতে হবে, এতে তার ভর্তি পরীক্ষায় আরও বেশি প্রভাব পড়বে। তাই আমি মামলায় যাইনি। তাছাড়া ক্যাম্পাসের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন মামলা করবে না?”
ভর্তিচ্ছু ওই শিক্ষার্থীর অভিযোগ, পরীক্ষা শেষে বিজ্ঞান অনুষদের পাশ দিয়ে যাওয়ার সময় জয়নুল আবেদীন এবং একই বিভাগের মোবারক ঠাকুর প্রিন্স তাকে ডাক দিয়ে অশালীন অঙ্গভঙ্গী এবং নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন।
ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
ক্যাম্পাসে অধিপত্য বিস্তার ও ভর্তিচ্ছু ছাত্রদের র্যাগ দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগের দিন ভর্তি পরীক্ষার্থীকে ‘যৌন হয়রানি’ ও র্যাগ দেওয়াকে কেন্দ্র করে সাধারণ সম্পাদকের অনুসারী এক ছাত্রলীগকর্মীকে থাপ্পড় দেন সভাপতির অনুসারী এক কর্মীকে। তার জের ধরে রোববার পৌনে ১২টায় কলা ভবনের সামনে সমাজকর্ম বিভাগের নোমান নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করে সাধারণ সম্পাদকের সমর্থকরা। তার পাল্টায় সাধারণ সম্পাদকের অনুসারী গণিত বিভাগের ছাত্র জুবায়ের আল মাহমুদকে পিটিয়ে আহত করা হয়।
এরপর দুই পক্ষের মধ্যে লাঠি, রড নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সামান্য বিষয় নিয়ে মারামারি হয়েছে। আমরা সমাধান করার চেষ্টা করছি।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ও প্রক্টর স্যার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমরা যাওয়ার পর আর মারামারি হয়নি।”
কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
