রাষ্ট্রপতির সঙ্গে ইরানের দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি।
রোববার বিকালে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ইরান বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে একে অপরকে সহযোগিতা ও সমর্থন করে।”
ইরানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান।
বিদায়ী দূত স্বল্প সময় বিরাট সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ও সার্বিক ব্যবস্থপনার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। একইসঙ্গে রোহিঙ্গা সঙ্কটে তার সরকারের অব্যাহত সহযোগিতার কথাও জানান।
তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। বিদায়ী দূত দায়িত্বপালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
