২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসছে দক্ষিণ এশিয়া মেরিটাইম সম্মেলন

নৌপরিবহন খাতের শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ীসহ এই খাতের সঙ্গে জড়িত ২০টি দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় বসছে ‘সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক্স ফোরাম’ এর দ্বিতীয় সম্মেলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 01:45 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

আগামী ৯ ও ১০ অক্টোবর লো মেরিডিয়ান হোটেলে এই সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মেরিটাইম ও লজিস্টিক্স খাতের বর্তমান পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি নৌখাতের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ আকর্ষণ এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকাল ৪টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে নৌমন্ত্রী শাজাহান খান রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলেনে জানান।

তিনি বলেন, বাংলাদেশের নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের গেটওয়ে মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং শ্রীলঙ্কার কলম্বো মেরিটাইম কনফারেন্স ইভেন্টসের (সিআইএমসি) সহযোগিতায় এ সম্মেলন হবে।

২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতের মুম্বাইয়ে এ ফোরামের প্রথম সম্মেলন হয়। এবার ঢাকার সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভুটানের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২০টি দেশের নৌখাত সংশ্লিষ্ট বাণিজ্য ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা যোগ দেবেন।

নৌমন্ত্রী বলেন, দুই দিনের এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশে নৌ খাতের উন্নয়ন ও এতে বিনিয়োগের সম্ভাবনা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের বাধাগুলো দূর করার পথ খোঁজার পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষিণ এশিয়ার বন্দরগুলোর উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে।

এছাড়া ড্রেজিং, শিপ বিল্ডিং, বাঙ্কারিংসহ নৌখাতের সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে জানিয়ে শাজাহান খান বলেন, বাংলাদেশে নৌখাতের কোন কোন ক্ষেত্রে বিকাশের সুযোগ রয়েছে সে বিষয়গুলো উপলব্ধি করাসহ আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী বলেন, “নৌপরিবহন খাতে বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ফলে কোনো বিষয়ে এক দেশের সীমাবদ্ধতা অন্য দেশের সহজলভ্যতার সঙ্গে ভাগাভাগি করে এ শিল্প বাণিজ্যের সুষম বিকাশ সম্ভাব। “

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, নৌ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব নজিবুর রহমান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদউল্লাহ ছাড়াও বিজিএমইএ, শিপিং লাইন্স, চট্টগ্রাম বন্দরসহ নৌখাত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।