ভোটের আগে ‘পদোন্নতির ঢেউয়ে’ শামিল ইসি
নির্বাচনের আগে জনপ্রশাসন ও পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরও পদোন্নতির হিড়িক পড়ে গেছে।
নির্বাচন কমিশনের ‘নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার, পুনর্বিন্যাস ও দক্ষতা উন্নয়ন কমিটি’ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপ-সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৭৫ জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করেছে।
পাশাপাশি উপজেলা পর্যায়ে পাঁচ শতাধিক সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা করছে সাংবিধানিক সংস্থটি।
বুধবার কমিটির সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান কমিটির সভাপতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে এখন সবারই পদোন্নতি হচ্ছে। জনপ্রশাসনে পদোন্নতি হচ্ছে, পুলিশে পদোন্নতি হচ্ছে, কিংবা তারা পদোন্নতি চাচ্ছেন; তো নির্বাচন কমিশনেও পদোন্নতির একটা ঢেউ লেগেছে।“
তিনি জানান, যে ৭৫ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করা হয়েছে, তাদের তালিকা কমিশনে যাবে। কমিশন অনুমোদন দিলে তারা পদোন্নতি পাবেন।
এই কর্মকর্তাদের মধ্যে নয়জন এখন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে আছেন। পদোন্নতি পেলে চতুর্থ গ্রেডে উপ সচিবের পদমর্যাদা অনুসারে বেতন-ভাতা ও সুবিধা পাবেন তারা।
এছাড়া ২৯ জনকে সিনিয়র সহকারী সচিব থেকে পঞ্চম গ্রেডে ইসির উপসচিব পদে এবং ৩৭ জনকে সিনিয়র সহকারী সচিব পদে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মাহবুব তালুকদার বলেন, “কমিশনে বেশ কিছু নতুন পদ সৃষ্টি হতে যাচ্ছে। নতুন জনবল কাঠামোতে দুই হাজার পদে নতুন জনবল নিয়োগ হলে ইসি আরও শক্তিশালী হবে। এর মধ্যে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তার ৫১৭টি পদ রয়েছে।”
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আগামী নির্বাচনের আগেই এসব পদে নিয়োগ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনে এখন ৭৯২টি প্রথম শ্রেণির এবং অন্যান্য শ্রেণির ২০৩৭টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ইসি সচিবালয়ে রয়েছেন ৩০০ কর্মকর্তা-কর্মচারী।
পর্যাপ্ত লোকবল না থাকায় নির্বাচন পরিচালনা এবং ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ওপর নির্ভর করতে হয় ইসিকে।
জাতীয় সংসদ নির্বাচনে মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পান।
তবে কয়েকটি এলাকায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসারদেরও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ার নজির রয়েছে।
