রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হল ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হল আন্তর্জাতিক ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন।
তিনি বলেন, “বিশ্ব দরবারে আমরা অনেকদূর এগিয়ে যাচ্ছি, তবুও আমাদের দুর্বলতা রয়েছে, আমাদের মূল দূর্বলতা এই বেকার জনগোষ্ঠী। যারা হতাশা ও ব্যর্থতায় নিজেকে মাদকাসক্তিতে জড়িয়ে ফেলছে।”
ইউনিস্যাব তাদের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করেছে ‘নবায়নযোগ্য শক্তির সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কর্মকাণ্ডে তরুণদের উদ্বুদ্ধকরণ।’
ইউনিস্যা-বাংলাদেশের প্রেসিডেন্ট মুহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া, জনসংযোগ প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মিডিয়া পার্টনার হিসেবে এ সম্মেলনের সঙ্গে রয়েছে।
