সাভারে অ্যাসিডদগ্ধ ৩ ট্যানারি শ্রমিক হাসপাতালে
সাভারে চামড়া শিল্পনগরীতে অ্যাসিডদগ্ধ হয়ে তিন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
তারা হলেন সুমন হোসেন (২৫), আবুল বাশার (৫৫) ও হাশেম আলী (৩২)। তারা শিল্পনগরীর মিতালি টেনারির শ্রমিক।
বুধবার দুপুরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
ট্যানারি ফাঁড়ির পরিদর্শক গোলাম নবী প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, মিতালি টেনারি থেকে এসিডভর্তি ড্রাম নিয়ে পাশের এশিয়া ট্যানারির ভেতরে প্রবেশ করার পর পা পিছলে পড়ে গেলে ড্রাম ফেটে এসিড বের হয়ে যায়। এ সময় ওই তিন শ্রমিক এসিডে দগ্ধ হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।
