২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার ও অস্ত্র, উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করেছে র‌্যাব।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 08:10 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

গ্রেপ্তার তিনজনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- মো. রেজাউল করিম (২৮), মো. জহিরুল ইসলাম ওরফে পলাশ (২৭) এবং শাহনাজ আক্তার সদিকা ওরফে শাহানা (২৫)।

সোমবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানী নগর এলাকা থেকে রেজাউল এবং জহিরুলকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চাকু, উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডেমরার পশ্চিম হাজী নগর এলাকায় অভিযান চালিয়ে শাহনাজ আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার কাছেও উগ্রবাদি বই এবং লিফলেট পাওয়া যায়।

শাহনাজ আক্তার ঢাকা দক্ষিণের জেএমবির নারী শাখার সমম্বয়ক বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

র‌্যাব জানায়, পেশায় গাড়ীচালক রেজাউল করিম অষ্টম শ্রেণি পর্যন্ত  লেখাপড়া করেছেন। আর জহিরুল ইসলাম বিবিএ ডিগ্রি নিয়ে একটি বেসরকারি অনলাইন প্রতিষ্ঠানে চাকরি করতেন।

দুইজনই বরিশালে বিএসসি প্রকৌশলী বুলবুল হাসান নামের একজনের মাধ্যমে জেএমবির সঙ্গে জড়িত হন বলে র‌্যাবের দাবি।

বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহনাজ আক্তার আলিম পাস করে একটি বেসরকারি বিশ্ববদ্যালয়ে ফার্মেসি বিভাগে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন।

এরপর তিনি অনলাইন ভিত্তিক একটি বোরকার ব্যবসার সাথে জড়িত হন।

পরে আকলিমা আক্তার নামে একজনের মাধ্যমে জেএমবির নারী শাখায় যোগ দেন।

বোরকার ব্যবসার আড়ালে শাহনাজ সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করতেন বলে র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে।