২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা তোলার সুপারিশের প্রতিবাদ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়ার সুপারিশের প্রতিবাদ জানিয়েছে দুটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 12:53 AM

Updated : 19 Aug 2022, 02:40 PM

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশন নামে এই দুটি সংগঠন রোববার এক সংবাদ সম্মেলনে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ অন্য কোটা বহাল রাখার দাবি জানিয়েছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি কমিটি গঠন করে, যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা সম্পূর্ণ তুলে দেওয়ার সুপারিশ করেছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  জামাল উদ্দিন শিকদার বলেন, “কমিটি সংশ্লিষ্ট কোটা সুবিধাভোগীদের সাথে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমনকি চিরাচরিত নিয়মে আপামর জনসাধারণের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় না করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে ১৬৩ বছরের পরীক্ষিত কোটা প্রথা বাদ দেওয়ার সুপারিশ করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

“তাই সঙ্গত কারণেই অন্যান্য কোটা সুবিধাভোগীদের মতো কেবিনেট সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘরোয়া রিপোর্ট প্রত্যাহারের আহ্বান জানাই। সাথে সাথে কোটা সুবিধাভোগী অন্যান্য সংগঠনের সাথেও একাত্মতা প্রকাশ করছি।”

সংবাদ সম্মেলনে সাবেক বিচারপতি ও লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনসুরুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান বক্তব্য রাখেন।

মেহেদী বলেন, “মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের প্রতিযোগিতা মুক্তিযোদ্ধা প্রার্থীদের মধ্যে সীমিত রাখার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”