২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ পরীক্ষা স্থগিতের পর বিক্ষোভ বিএসএমএমইউতে

মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিতের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করছেন চাকরিপ্রত্যাশী একদল চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2018, 08:00 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

বুধবার বিকালে উপাচার্যের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ শুরু করেন। ‘নিয়োগ চাই, নিয়োগ চাই’ স্লোগান দিচ্ছিলেন তারা।

বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী বলে উপাচার্য জানিয়েছেন। বিক্ষোভ থেকেও ছাত্রলীগের নামে স্লোগান উঠতে দেখা যায়।

তবে বিক্ষোভকারীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ের সামনে কোনো সাংবাদিক গেলে তার সঙ্গে কথা বলতে বারণও করে দিচ্ছিলেন বিক্ষোভকারীদের নেতারা।

উপাচার্য কনক কান্তি বড়ুয়াকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে ফোন করা হলে তিনি বাইরে আছেন বলে জানান।

তবে উপ-উপাচার্য অধ্যাপক রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান, রেজিস্ট্রার এ বি এন হান্নান, প্রক্টর অধ্যাপক মোজাফফর কার্যালয়ে রয়েছেন বলে জানান উপাচার্য।
দেশের চিকিৎসা শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বিএসএমএমইউতে বৃহস্পতিবার ২০০ চিকিৎসা কর্মকর্তা নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে নিয়োগ বোর্ড সেই পরীক্ষা স্থগিত করেছে।

পরীক্ষা কেন স্থগিত করা হল- জানতে চাইলে উপাচার্য বলেন, “তারা (বিক্ষোভকারী) দাবি করছে, তাদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হোক,  না দিলে অশান্ত পরিবেশ হবে। সেজন্য সিন্ডিকেট পরীক্ষা আপাতত স্থগিত করেছে।”

তাদেরকে কেন নিয়োগ দিতে হবে- জানতে চাইলে ভিসি বলেন, “তারা ছাত্রলীগ করে এই জন্য।”

বিএসএমএমইউতে বিক্ষোভের খবর শাহবাগ থানায়ও গেছে। তবে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। 

শাহবাগ থানার  ওসি মো. আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।”