ঢাবি ভর্তি: ‘ক’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৪৬ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ জন ভর্তিচ্ছু প্রার্থী।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
হাজারীবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হচ্ছে নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, ইডেন মহিলা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটরডেম কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এ বছর ‘ক’ ইউনিটের ১৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়তে হচ্ছে ৪৬ জন প্রার্থীকে।
গত শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৬৫ আসনের বিপরীতে আবেদন করেছিল ৯১ হাজার ১৪৩ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভর্তিচ্ছু প্রার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট সবার জন্য পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি দায়িত্ব পালন করবে মোবাইল কোর্ট।
ভর্তি পরীক্ষার আসন পরিকল্পনা সম্পর্কে জানতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে।
সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে সাত হাজার ১২৮টি আসনের বিপরীতে এবার মোট দুই লাখ ৭২ হাজার ৫১২ জন আবেদন করেছেন। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী থাকছেন ৩৮ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, এতে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ জন শিক্ষার্থী।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে মোট সাত হাজার ১২৩ আসনের বিপরীতে দুই লাখ ৭৭ হাজার ৭১৫ জন শিক্ষার্থী আবেদন করেছিল, অর্থ্যাৎ এক আসনের বিপরীতে প্রতিদ্বন্দিতায় ছিল ৩৯ জন।
২৮ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের পর ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা।
আরও খবর
