ঋণ আত্মসাৎ: এবি ব্যাংকের ১২ পরিচালককে দুদকে তলব
সিটিসেলের নামে ৩৮৩ কোটি টাকার ঋণ আত্মসাতের ঘটনায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ ১২ পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ থেকে ৩ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম নোটিস পাঠান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, এম ওয়াহিদুল হক, মো. ফিরোজ আহমেদ, এম এ আউয়াল ও অধ্যাপক মো. ইমতিয়াজ হোসেনকে ১ অক্টোবর তলব করা হয়েছে। পরদিন শিশির রঞ্জন বোস, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, মিশাল কবির ও ফাহিমুল হককে তলব করা হয়েছে।
আর মো. মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, বি বি সাহা রায় এবং রুনা জাকিয়া শাহরুদ খানকে তলব করা হয়েছে ৩ অক্টোবর।
তবে তলব করা এই ১২ জন এই অর্থ আত্মসাতের এই মামলার আসামি নন বলে জানান প্রনব।
এদিকে এই অর্থ আত্মসাতের মামলার আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোর্শেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্ত কর্মকর্তা সামছুল আলম।
গত বছরের ২৮ জুন রাজধানীর বনানী থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান, তার স্ত্রী, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়।
মোবাইল ফোন অপারেটর সিটিসেলের মূল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। মোর্শেদ খান এর চেয়ারম্যান, তার স্ত্রী নাছরিন খানও একজন পরিচালক।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে।
বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর সিটিসেল ২০১৬ সালে দেনার দায়ে বন্ধ হয়ে যায়।
