২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ সম্পদ’ হস্তান্তর করছেন ফালু, সন্দেহ দুদকের

মোসাদ্দেক আলী ফালু বিদেশে অবস্থান করে বাংলাদেশে থাকা তার ‘অবৈধ সম্পদের’ হস্তান্তর করছেন বলে সন্দেহ করছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 11:18 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

সাবেক এই সংসদ সদস্য ও ব্যবসায়ী তার পাঁচটি ফ্ল্যাট, একাধিক বাড়ি ও জমি দুই ভাতিজার নামে লিখে দিয়েছেন বলে একটি অভিযোগ পেয়ে তার অনুসন্ধানে নেমেছেন তারা।

মঙ্গলবার কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধান কর্মকর্তা নিযুক্ত করেছে বলে কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ফালু বর্তমানে দুবাই রয়েছেন বলে দুদক কর্মকর্তারা জানান।

দুদকে অভিযোগ আসে, ফালু দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাওয়ার ভয়ে দলিলের মাধ্যমে দুই ভাতিজাকে দিয়ে দিয়েছেন।

এসব দলিল সম্পাদনের ক্ষেত্রে আমিরাতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সহযোগিতা করেছেন বলেও অভিযোগে পেয়েছে দুদক।

এ বিষয়ে দুদক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বলে দুদকের ওই কর্মকর্তা জানান।

পুরনো খবর:

তদন্তে অসযোগিতা: ফালুর বিরুদ্ধে ‘ব্যবস্থা নেবে’ দুদক
ফালুর ভাতিজার বিদেশ ভ্রমণেও দুদকের মানা