তদন্তে অসযোগিতা: ফালুর বিরুদ্ধে ‘ব্যবস্থা নেবে’ দুদক
অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলবে হাজির না হওয়ায় খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্তে ‘অসযোগিতার’ অভিযোগে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
কমিশনের উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের দুইবার চিঠি দেওয়া হলেও তারা আসেননি।
“এ কারণে তাদেরকে নতুন করে আর কোনো চিঠি দেওয়া হচ্ছে না, এখন তাদের বিরুদ্ধে কমিশন আইনি পদক্ষেপ নেবে।”
তবে সেই আইনি পদক্ষেপ কী হবে- সে বিষয়ে বেশি কিছু বলেননি প্রনব ভট্টাচার্য্য।
ফালু ছাড়া বাকি দুই ব্যবসায়ী হলেন- আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক শায়লিন জামান আকবর এবং স্টার সিরামিকস লিমিটেডের পরিচালক প্রতিমা সরকার।
অফশোর কোম্পানি খুলে ৮০ লাখ ডলার দুবাইয়ে পাচারের অভিযোগে গত ৩ অগাস্ট মোসাদ্দেক আলী ফালু এবং বিএনপি নেতা এস এ কে ইকরামুজ্জামানসহ নয় ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক।
এরপর ৫ ও ৬ অগাস্ট ওই দুই ব্যবসায়ীসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়।
প্রথম বারের তলবে দুই জন ও দ্বিতীয় বারের তলবে পাঁচ ব্যবসায়ী দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
তারা হলেন- আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক এস এ কে ইকরামুজ্জামান, তার ছেলে এবং আরএকে পেইন্টস ও আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক কামার উজ্জামান, আরএকে কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মো. আমির হোসাইন ও এম এ মালেক, ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল ইসলাম ও মো. মাকসুদুল ইসলাম ও আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক।
একই অভিযোগে ফালুর ভাতিজা ও রোজা প্রোপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম উদ্দিন আহম্মেদ ও পরিচালক আশফাক উদ্দিন আহম্মেদকে আগামী ১২ সেপ্টম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বৃহস্পতিবার নোটিস পাঠিয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
প্রনব ভট্টাচার্য্য জানান, এই দুজনের মধ্যে আশফাক উদ্দিন আহম্মেদকে আগেও দুইবার তলব করা হয়েছিল। তার সময় আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বারের মত সময় দেওয়া হয়েছে। আর নাঈম উদ্দিন আহম্মেদকে তলব করা হয়েছে নতুন করে।
মোসাদ্দেক আলী ফালু ও অন্যদের বিরুদ্ধে ‘বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতর মাধ্যমে’ অবৈধ উপায়ে আট মিলিয়ন ডলার (প্রায় ৬৫ কোটি টাকা) দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে দুদকের হাতে।
অভিযোগে বলা হয়েছে তারা বিদেশে অফশোর কোম্পানি খুলে মানিল্ডারিং ও হুন্ডির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন ওই দেশে অর্থ পাচার করেছেন।
চারদলীয় জোট সরকারের আমলে তখনকার প্রধানমন্ত্রী খালেদার রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী ফালু। সে সময় ঢাকার একটি উপনির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।
পরে খালেদা জিয়া তাকে বিএনপির উপদেষ্টা পরিষদে নিয়ে আসেন। ২০১৬ সালে বিএনপির নতুন কমিটিতে ফালুকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে ভাইস চেয়ারম্যান করা হলে তিনি পদত্যাগ করেন।
এরপর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় ফালু নিজের ব্যবসা নিয়েই আছেন। সিকিউরিটিজ, আবাসন, অ্যাগ্রো, আমদানি রপ্তানি ব্যবসায় জড়িত এই ব্যবসায়ীএনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা করেছে দুদক।
