২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ লাখ ডলার পাচার: এবার ফালুসহ সাতজনকে দুদকে তলব

অফশোর কোম্পানি খুলে ৮০ লাখ ডলার দুবাইয়ে পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চার ব্যবসায়ীর পর এবার খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ সাত ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি কমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 09:35 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

আগামী ১৩ ও ১৪ অগাস্ট তাদেরকে দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে সোমবার নোটিস পাঠানো হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য‌্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তলবকৃতদের মধ্যে রোজা প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক মোসাদ্দেক আলী ফালু, বিএনপি নেতা ও আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান ও তার ছেলে আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক মো. কামারুজ্জামান এবং জুলপাহার বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামানকে ১৪ অগাস্ট তলব করা হয়েছে।

এছাড়া আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল করিম, আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক ও স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকারকে ১৩ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় বলে জানান প্রণব কুমার।

একই অভিযোগে আরও চার ব্যবসায়ীকে ১২ অগাস্ট তলব করে রোববার নোটিস পাঠিয়েছে অনুসন্ধান কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

তারা হলেন- আরএকে কনজুমার প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মোহাম্মদ আমির হোসাইন, পরিচালক এম এ মালেক, রোজা প্রোপার্টিজ লিমেটেডের পরিচালক মো. আসফাক উদ্দিন আহমেদ এবং আরএকে পেইন্টস লিমেটেডের পরিচালক সাইলিন জামান আক্তার।

অর্থ পাচারের অভিযোগে এর আগে গত বৃহস্পতিবার তাদেরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছে দুদক।

দুদকে আসা অভিযোগে বলা হয়, মোসাদ্দেক আলী ফালু ও অন্যদের বিরুদ্ধে ‘বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতর মাধ্যমে’ অবৈধ উপায়ে আট মিলিয়ন ডলার (প্রায় ৬৫ কোটি  টাকা) দুবাইয়ে পাচার করেছেন।

“তারা বিদেশে অফশোর কোম্পানি খুলে মানিল্ডারিং ও হুন্ডির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন।”

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস‌্যের দল অভিযোগটি অনুসন্ধান করছেন। এ দলের অপর সদস‌্য হলেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

চারদলীয় জোট সরকারের আমলে তখনকার প্রধানমন্ত্রী খালেদার রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী ফালু। সে সময় ঢাকার একটি উপনির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

পরে খালেদা জিয়া তাকে বিএনপির উপদেষ্টা পরিষদে নিয়ে আসেন। ২০১৬ সালে বিএনপির নতুন কমিটিতে ফালুকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে ভাইস চেয়ারম্যান করা হলে তিনি পদত্যাগ করেন।

এরপর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় ফালু নিজের ব্যবসা নিয়েই আছেন। সিকিউরিটিজ, আবাসন, অ্যাগ্রো, আমদানি রপ্তানি ব্যবসায় জড়িত এই ব্যবসায়ী এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা করেছে দুদক।

পুরনো খবর:

৮০ লাখ ডলার পাচার: চার ব্যবসায়ীকে ডেকেছে দুদক
ফালু, ইকরামুজ্জামানসহ ৯ জনের দেশত্যাগে দুদকের নিষেধাজ্ঞা