আরও ১৪০ কেজি ইথিওপীয় নেশার পাতা জব্দ
আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে আসা আরও ১৪০ কেজি গাঁজা জাতীয় নেশাদ্রব্য উদ্ধার করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও শুল্ক দপ্তর।
ঢাকা কাস্টস হাউসের উপ কমিশনার ওথেলো চৌধুরী জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটের ‘ফরেইন পোস্ট অফিসে’ আসা আটটি কার্টন থেকে ওই নেশাদ্রব্য উদ্ধার করা হয়।
ভারত থেকে আসা জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার ওই কার্টনগুলো ঢাকায় পৌঁছায়। সেখানে রপ্তানিকারক হিসেবে ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ এবং আদ্দিস আবাবার ঠিকানা ব্যবহার করা হয়েছে।
আর আমদানিকার হিসেবে দেওয়া হয়েছে তুরাগ থানার বাদলদী এলাকার বি ব্লকের ২ নম্বর রোডের একটি বাড়ির ঠিকানা।
ওথেলো চৌধুরী বলেন, সোমবার বিমানবন্দরে কর্মরত এনএসআই কর্মকর্তাদের উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে ভিতরে ‘গ্রীন টির’ মত দেখতে ওই মাদকের সন্ধান পাওয়া যায়।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কাথ শ্রেণিভুক্ত এক ধরনের উদ্ভিদ থেকে তৈরি এই নেশাদ্রব্য আফ্রিকার দেশগুলোতে বহু আগে থেকেই প্রচলিত। তবে ইদানিং বিভিন্ন দেশে হেরোইন বা ইয়াবার মত মাদকের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভেষজ নেশার পাতা।
এ ধরনের বিকল্প নেশাদ্রব্যগুলোকে চিহ্নিত করা হচ্ছে ‘নিউ সাইকোট্রফিক সাবটেনসেস’ বা এনপিএস নামে।
অধিদপ্তরের কেমিকেল এক্সামিনার আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে এই ধরনের নেশাদ্রব্য নতুন। এক সময় আফ্রিকার দেশগুলোতে ব্যবহৃত হলেও ইদানিং এ নেশা ইউরোপ, আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে।”
শুকনো ওই নেশার পাতা মুখে নিয়ে চিবিয়ে আবার কখনও পানির সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। ওই পাতায় থাকা ক্যাথিনোন ও ক্যাথিন অ্যালকালয়েড থাকে বলে ইয়াবার মতই নেশা হয় বলে আবু হাসান জানান।
তিনি বলেন, “এই নেশাদ্রব্য যৌন উদ্দীপনা বাড়াতে বা দীর্ঘ সময় জেগে থাকতে সাহায্য করে বলে ধারণা করা হয়। তবে এটি সেবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।”
এ ধরনের নেশাদ্রব্য বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত ৩১ অগাস্ট। সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদাম এবং শান্তিনগরের এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আটশ কেজি নেশাদ্রব্য উদ্ধার করা হয়।
এরপর ৮ সেপ্টেম্বর শাহজালালে আসা কয়েকটি কার্টন থেকে পাওয়া যায় আরও ১৬০ কেজি একই ধরনের নেশার পাতা।
