ইথিওপিয়া থেকে আসা নেশাদ্রব্যের চালান আটক
আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে বিমানে আসা কয়েকটি কার্টন খুলে ১৬০ কেজি গাঁজা জাতীয় মাদক পেয়েছে ঢাকা কাস্টম হাউজ প্রিভেনটিভ টিম।
ইথিওপিয়ান গাঁজা নামে পরিচিত এই মাদককে এনপিএস (নিউ সাইকোঅ্যাকটিভ সাবসটেন্স) হিসেবে চিহ্নিত করছে জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা।
ডাকযোগে বাংলাদেশে আসা মাদকের এই চালানটি ঢাকার শাহজালাল বিমানবন্দর কার্গো হাউজে তিন দিন পর্যবেক্ষণের পর শনিবার সকালে খোলা হয়।
কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ সেপ্টেম্বর ভারত থেকে আসা জেট এয়ারওয়ের ফ্লাইটে আসা ৯টি কার্টন সন্দেহজনক হওয়ায় তা আটক করা হয়।
ঢাকার তুরাগ থানার বাদলদী এলাকার ২ নম্বর রোড়ের এশা এন্টারপ্রাইজের ঠিকানায় এই কার্টনগুলো ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মুহম্মদ ইউসুফের মাধ্যমে এসেছে বলে অথেলো জানান।
তিনি বলেন, “নতুন ধরনের এই মাদক পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়ে থাকে। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে, যা ইয়াবার মতো।”
মাদক হিসেবে ইয়াবার ব্যাপক প্রসার ঘটার পর তা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে নতুন ধরনের এই মাদকের চালান এল।
গত ৩১ আগস্ট একই ধরনের আরেকটি নতুন ধরনের ৪৬০ কেজি মাদকের চালান আটক করা হয়েছিল।
