২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন পরীক্ষায় মন্ত্রিসভা কমিটি

প্রকৌশল গবেষণার জন্য কাউন্সিল গঠনে একটি আইনের খসড়া অনুমোদন না দিয়ে তা পরীক্ষা-নিরীক্ষায় চারজন প্রকৌশলী মন্ত্রীকে নিয়ে একটি মন্ত্রিসভা কমিটি করে দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 06:11 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০১৮’ এর খসড়া অনুমোদন না দিয়ে এই কমিটি করা হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রকৌশল গবেষণার জন্য যেহেতু প্রতিষ্ঠানটা হবে সেজন্য আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য চারজন প্রকৌশলী মন্ত্রীর সমন্বয়ে একটি মন্ত্রিসভা কমিটি করে দেওয়া হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। সদস্য থাকছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

“যেহেতু চারজনই প্রকৌশলী উনাদের দৃষ্টিভঙ্গি থেকে এই সংস্থার কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়গুলো দেখবেন। পরীক্ষা-নিরীক্ষা করে এটাকে চূড়ান্ত করবেন।”

কত দিনের মধ্যে চারজন মন্ত্রী এই আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করবেন, সেই সময় বেঁধে দেওয়া হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

শিশু একাডেমি আইনে সায়

বাংলাদেশ শিশু একাডেমি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শফিউল আলম বলেন, ১৯৭৬ সালের অধ্যাদেশ দিয়ে শিশু একাডেমি পরিচালতি হচ্ছিল। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সামরিক শাসনামলে প্রণীত আইন, অধ্যাদেশগুলো নতুন করে বাংলায় রূপন্তর করা হচ্ছে।

“নতুন আইনে ১৯ সদেস্যর ব্যবস্থাপনা বোর্ডের প্রস্তাব করা হয়েছে। একাডেমির নির্বাহী প্রধানের পদকে পরিচালক থেকে উন্নীত করে মহাপরিচালক করা হচ্ছে।”

এতদিন শিশু একাডেমির চেয়ারম্যানকে সরকার নির্দিষ্ট কিছু শর্তে নিয়োগ দিত জানিয়ে শফিউল বলেন, নতুন আইন পাস হলে প্রথিতযশা শিশু সাহিত্যিক, স্বাধীনতা পদক বা একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ বা সাহিত্যেকের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান করা যাবে।