সেই ১২ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে
ঢাকার তেজগাঁও থেকে যে ১২ শিক্ষার্থীকে আটকের খবর তাদের পরিবার দিয়েছিল, তাদের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।
এই ১২ জনকে কয়েক দিন আগে ধরে নেওয়া হয় বলে পরিবার দাবি করলেও পুলিশ বলছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে রোববার সন্ধ্যায়।
নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে গত মাসে কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। ঈদের আগে অধিকাংশের জামিনও হয়।
কিছু দিন ব্যবধানে গত সপ্তাহ এই ১২ জনকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যায় বলে রোববার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে তাদের পরিবার, তখন পর্যন্ত পুলিশ তাদের আটকের খবর স্বীকার করেনি।
এই ১২ জন হলেন তারেক আজিজ (১৯), মো. তারেক (১৮), জাহাঙ্গীর আলম (২২), মো. মোজাহিদুল ইসলাম (২১), মো. আল আমীন (১৯), মো. জহিরুল ইসলাম (১৯), মো. বোরহান উদ্দিন (১৮), ইফতেখার আলম (২১), মো. মেহেদী হাসান রাজিব (১৯), মো. মাহফুজ (১৯), মো. সাইফুল্লাহ (২৪) ও মো. রায়হানুল আবেদিন (২২)।
তারা টেক্সটাইল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ, সরকারি সাদাত কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে তাদের পরিবারের সদস্যরা বলেন, মহাখালী ও তেজগাঁও এলাকা থেকে গত বুধবার এই ১২ শিক্ষার্থীসহ আরও কয়েকজনকে ধরে নেয় গোয়েন্দা পুলিশ। পরে ১২ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়।
মাহফুজের মামা নবী উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাগ্নেকে বুধবার ভোরে তেজকুনীপাড়ার একটি মেস থেকে ধরে নেওয়া হয়।
গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর উত্তরের উপ-কমিশনার মো. মশিউর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (রোববার) সন্ধ্যায় তেজকুনীপাড়ার একটি ভবনের নিচতলায় গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়।”
পলিটেকনিক ছাত্র তারেক আজিজের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছে পুলিশ।
অন্য মামলাটি হয়েছে পুলিশের কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাংচুরের অভিযোগে; তাতে অন্য ১১ জনের সঙ্গে তারেক আজিজকেও আসামি করা হয়েছে।
দুই মামলায় ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানিয়ে তাদের ঢাকার হাকিম আদালতে হাজির করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবদুর রহমান।
তিনি পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে চান। তথ্য প্রযুক্তি আইনের মামলায় তারেক আজিজকে ১০ দিন রিমান্ডে চান তিনি।
অন্যদিকে এই শিক্ষার্থীদের জামিন চেয়ে আবেদন করেন ঢাকা বারের সাবেক সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম।
শুনানি নিয়ে হাকিম নূর নাহার ইয়াসমিন আসামি তারেক আজিজকে দুই মামলায় দুদিন করে চার দিন এবং বাকি ১১ জনকে এক মামলায় দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।
পুলিশ কর্মকর্তারা বলেন, নিরাপদ সড়কের আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করতে গুজব সৃষ্টিকারীর ‘হোতা’ হলেন তারেক আজিজ।
তারা বলছেন, গ্রেপ্তারের সময় তাদের কাছে বিভিন্ন স্কুল এন্ড কলেজের মনোগ্রাম সম্বলিত ১২ সেট পোশাক ও ১৩টি ফিতাসহ পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্রগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নয়।
এছাড়া তাদের কাছে হ্যান্ড মাইক, হাতুড়ি, তিনটি ল্যাপটপ, ইসলামী ছাত্রশিবিরের কর্ম পদ্ধতি ও বিভিন্ন ফর্ম, ছাত্র শিবির কর্তৃক প্রকাশিত কিশোর কণ্ঠসহ বিভিন্ন, বই, ভিডিও ও স্থির চিত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
