জাবিতে র্যাগিং বন্ধে ইউজিসিতে সভা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়টির শীর্ষ কর্মকর্তাদের ডেকে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার ইউজিসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, প্রক্টোরিয়াল বডি এবং হল প্রাধ্যক্ষদের নিয়ে সভা হয় বলে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে কমিশনের সদস্য অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক দিল আফরোজা বেগম ও অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলি, ইউজিসির সচিব মো. খালেদ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মো. কামাল হোসেন সভায় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাবিতে র্যাগিং ও অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পেয়ে অধ্যাপক ইউসুফ আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করে কমিশন। মঙ্গলবার কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।”
গত ফ্রেব্রুয়ারিতে জাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মিজানুর রহমান একই বিভাগের শিক্ষার্থীর র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন।
এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনা মাঝে মধ্যেই পত্রিকায় শিরোনাম হয়। অনেক সময় র্যাগিংকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটে।
সভায় অধ্যাপক মান্নান বলেন, “বিশ্ববিদ্যালয় হল মুক্ত চিন্তা এবং জ্ঞানের আধার। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকলকে অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে যাতে উচ্চশিক্ষার অর্জনগুলো ম্লান না হয়ে য়ায়।”
অধ্যাপক ইউসুফ আলী বলেন, জাহাঙ্গীরনগরসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং একটি গুরুতর সমস্যা। জাতীয় এ সমস্যাটি সমাধানের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “আমরা সবাই র্যাগিংয়ের বিরুদ্ধে। জাবি প্রশাসন ক্যাম্পাসে রাগিং এবং অন্যান্য বেআইনি কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা নিরসনে জাবি উপাচার্য মনোনীত প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। এই কমিটি অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।
