২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশীপ সম্প্রচারের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক বাণিজ্যক কার্যক্রম শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 04:15 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

মঙ্গলবার বিকালে ঢাকায় মাঠে গড়িয়েছে এই ফুটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশীপ সম্প্রচারের মাধ্যমে এই স্যাটেলাইটের কার্যক্রম শুরু হচ্ছে। এ সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ বলা যায়।

শাহজাহান মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো বিকালে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

“খেলার সম্প্রচার সত্ত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের লিংক থেকে বিটিভিতে প্রচার করা হবে।”

অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান।

গত ১২ মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট।

স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়।

বিটিআরসির নেওয়া তিন হাজার কোটি টাকার একটি প্রকল্পের আওতায় ফরাসি প্রতিষ্ঠান তালিস এলিনিয়া স্পেস এই স্যাটেলাইট তৈরি করে, এর উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের মাধ্যমে।

সরকারের আশা, বর্তমানে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ যে ১৪ মিলিয়ন ডলার ব্যয় হয়, এ উপগ্রহের মাধ্যমে সেই অর্থ সাশ্রয় হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের পরিকল্পনা রয়েছে।

পুরনো খবর:

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ‘সঙ্কেত পেয়েছে’ গাজীপুরের গ্রাউন্ড স্টেশন