২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই সড়ক পরিবহন বিল সংসদে

সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এমন যে কোনো আইনের খসড়া রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সংসদে পাঠানোর কথা থাকলেও তা না নিয়েই প্রস্তাবিত সড়ক পরিবহন আইনটি সংসদে পাঠিয়ে দিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 10:26 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

তা পেয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিলটি নতুন করে পাঠাতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে সংসদ সচিবালয়।

দুই কলেজ শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই আইন প্রণয়নের কাজে গতি আসে।

কোনো বিল আইনে পরিণত হলে তা প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকলে সেই বিল সংসদে উত্থাপনের আগে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক পরিবহন বিলের সঙ্গে সরকারি অর্থ ব্যয়ের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু বিলটি সংসদে পাঠানোর আগে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়নি। বিষয়টি মৌখিকভাবে মন্ত্রণালয়কে জানিয়ে নতুন করে বিলের নোটিস পাঠাতে বলা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের পর প্রস্তাবিত আইন সংসদে পাঠানো হয়। পরে সংসদ সচিবালয়ও পর্যলোচনা করে। যদি প্রক্রিয়াগত কোনো ত্রুটি থাকে, তারা তা ধরিয়ে দেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদে ওঠানোর আগে প্রত্যেকটি বিল যাচাই করা হয়। সেখানে কোনো পদ্ধতিগত বা অন্য কোনো ত্রুটি থাকলে তা শুধরে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়।”

সংসদ সচিবালয়ের আরেক কর্মকর্তা বলেন, খসড়া আইনে এরকম ‘ত্রুটি’ থাকা ‘বড় কোনো বিষয় নয়’।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংসদের ২২তম অধিবেশন বসছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এই অধিবেশনে পাসের জন্য ২১টি বিল রয়েছে। এর বাইরে আরও বেশ কয়েকটি বিল আসতে পারে। ২১টি বিলের মধ্যে সংসদীয় কমিটির সুপারিশ শেষে পাসের অপেক্ষায় আছে তিনটি বিল। নয়টি বিল সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন। বাকি নয়টি বিল আছে উত্থাপনের অপেক্ষায়।