২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পীতে শিল্পীতে যোগাযোগ কই: মারেক বার্টেলিক

দেশ কালের সংঘাতে পাল্টে যায় ইতিহাস, যাপিত জীবনের ঢেউয়ে ঢেউয়ে বদলে চলে সংস্কৃতি, সৃষ্টিশীলের প্রকাশভঙ্গি শিল্পকে দেয় নতুন ভাষা। সেই শিল্পও হারিয়ে যায়; সে এক ট্র্যাজেডি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 01:42 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

বিবর্তনের এই ঘাত প্রতিঘাত সয়ে একটি শিল্প যুগের পর যুগ বাঁচে কেমন করে?

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প সমালোচক মারেক বার্টেলিক বলছেন, আর সব কিছুর মত শিল্পও নশ্বর। তা এমনি এমনি বাঁচে না। 

শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শিল্পীতে শিল্পীতে চাই বোঝাপড়া; প্রয়োজন পরস্পরের পাঠ আর অভিজ্ঞতার অভিযাত্রা।

চিত্র সমালোচকদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আর্ট ক্রিটিকসের (এআইসিএ) সভাপতি মারেক বার্টেলিক এশিয়ান আর্ট বিয়েনালের অষ্টাদশ আসরে যোগ দিতে এখন অবস্থান করছেন ঢাকায়।

শিল্পকলা একাডেমিতে শনিবার মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় বার্টেলিক বললেন আধুনিক ও সমকালীন চিত্রকলা নিয়ে তার ভাবনার কথা।

“ঢাকা আর্ট বিয়েনালে এতগুলো দেশের তরুণদের চিত্রকর্ম দেখলাম। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, একটি দেশের শিল্পীদের সঙ্গে অন্য দেশের শিল্পীদের যোগাযোগ খুব ভালো নয়। এটা শিল্পের জন্য সুখকর নয়।”

যোগাযোগটা কেন দরকার? বার্টেলিক বলছেন- সেটা দরকার শিল্পের জন্যই।

“একটা শিল্পকর্ম তো আর যুগ যুগ টিকে থাকবে না। তাকে টিকিয়ে রাখতে হবে শিল্পীদের। সেটি করতে গেলে সবার আগে দরকার তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা।

“একে অপরের কাজ নিয়ে পড়াশোনাটা সবার আগে প্রয়োজন। এমনও হতে পারে আলোচনা থেকে নতুন কিছু একটা বেরিয়ে এল, যা এর আগে কখনো প্রয়োগই হয়নি শিল্পকলায়।”

পোলিশ বংশোদ্ভূত মারেক বার্টেলিকের বসবাস আর কর্মক্ষেত্র এখন যুক্তরাষ্ট্রে। শিল্প সমালোচনার ক্ষেত্রে তাকে প্রথার বাইরে হাঁটা মার্কিন শিল্পবোদ্ধা ডেভ হিকি আর জেরি সালজের অনুসারী বিবেচনা করা হয়।

Image
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত আলাপচারিতায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট ক্রিটিকসের (এআইসিএ) সভাপতি মারেক বার্টেলিক। ছবি: জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত আলাপচারিতায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট ক্রিটিকসের (এআইসিএ) সভাপতি মারেক বার্টেলিক। ছবি: জয়ন্ত সাহা

বার্টেলিক মনে করেন, শিল্পীদের পারস্পরিক বোঝাপড়ায় শিল্পকলার বিভিন্ন মাধ্যমে তৈরি হতে পারে ‘দ্বিপক্ষীয় নতুন পরিভাষা’। শিল্পী যখন ‘আমিত্ব আর প্রাদেশিকতার’ গণ্ডি পেরিয়ে ভিন্ন সংস্কৃতির শিল্পীর সঙ্গে মিলিত হন, তখনই শিল্প পায় দীর্ঘায়ু হওয়ার রসদ।

পুরকৌশলের ছাত্র বার্টেলিক তারুণ্যে ঝুঁকেছিলেন শিল্পকলার ইতিহাসের দিকে। সেই নেশায় পোল্যাণ্ড ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে নিউ ইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলার ইতিহাসে পিএইচডি করেন।

এমআইটি, ইয়েল, মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল কলেজ অব আর্ট এবং কুপার ইউনিয়ন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সেস অ্যান্ড আর্টে ভিজিটিং প্রফেসর হিসেবে শিল্পকলার ইতিহাস পড়াতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সে কথাও উঠে আসে বার্টেলিকের কথায়।

“আমরা বুড়োরা একটু প্রথাগত পদ্ধতিতে আঁকাআঁকির কথা বলি। কিন্তু তরুণরা সবসময়ই পরীক্ষা নিরীক্ষা নিয়ে ব্যস্ত। দেখা গেল আমি স্ক্রল পদ্ধতিতে ল্যান্ডস্কেপ আঁকার কথা বলছি, ওরা তা শুনল না। ওরা যাপিত জীবনের নানা কর্মকাণ্ডের মাধ্যমেই ছবি আঁকার করণকৌশল নির্ধারণ করে। এটা নিয়ে ওরা তর্কও করে। তখন মনে হয়, এভাবেই তো শিল্প বিবর্তিত হয়। ব্যাপারটা বেশ উপভোগ্য হয় তখন।”

শিল্পের ঐতিহাসিক তুল্যমূল্য বিচার করতে গিয়ে মারেক বার্টেলিক গুরুত্ব দেন অভিজ্ঞতায়।

“কী মনে হয়, একটা শিল্পকর্ম আজীবন থেকে যাবে? ভুল ধারণা। সবই কিন্তু ভঙ্গুর। প্রতি দিন নতুন নতুন শিল্পকর্ম এসে স্থান দখল করে নেবে। মানুষ ভুলে যাবে পুরনোর কথা। ঐতিহাসিক তুল্যমূল্য যা কিছু তোমরা বলছ, সেসবই হল শিল্পীর দেখার চোখ, তার অভিজ্ঞতার ঝুলি। শিল্পী তার দেখার চোখ যত সমৃদ্ধ করবে, তখন সেই শিল্পের ঐতিহাসিক মূল্য তত বেড়ে যাবে।”

ইতিহাসনির্ভর চিত্রকলাগুলো ঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় হতাশাও প্রকাশ করেন এই শিল্পবোদ্ধা।

“সভ্যতার সঙ্গে দৌঁড়াতে গিয়ে আমরা নিত্য নতুন আইকন নির্মাণ করেছি, এই নেশায় সেসব ছবি হারিয়ে ফেলেছি আমরা। হয়ত সেসব ছবি থেকে নানা উপাত্ত নিয়ে আজকের চিত্রকলায় নতুন কোনো ফর্ম নির্মাণ করতে পারতাম। শিল্পকর্ম যখন হারিয়ে যায়, নিঃসন্দেহে তা একটি ট্র্যাজেডি।”

রাষ্ট্রের রাজনীতি আর মানুষের সঙ্কটে একজন শিল্পী কোন পথ বেছে নেবেন?

বার্টেলিক বিষয়টি দেখেন এভাবে- “একজন মানুষ হিসেবে আমার ভিন্ন মত থাকতে পারে। কিন্তু শিল্পের জায়গা থেকে বলি, আমরা কিন্তু সেটা ক্যানভাসে, লেখায় প্রকাশ করতে পারব না। শিল্পীকে হতে হয় সব মানুষের, তাকে হতে হয় বৈশ্বিক। শিল্পী সত্তার জায়গা থেকে তিনি সকলের জন্য।”

রোহিঙ্গা সঙ্কটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে মানুষের দুর্দশার কথা কটা ছবিতেই বা আঁকতে পেরেছি আমরা! আরও ছবি তো আঁকা উচিৎ ছিল।”

সিরিয়ার কবি অ্যাডোনিস গতবছর ঢাকা লিট ফেস্টে এসে বলেছিলেন, ক্ষমতাসীনের কথা বলা কবিতা কোনো শিল্পকর্ম নয়।

আর বার্টেলিক বলছেন, “মত প্রকাশ করতে গিয়ে একটু আধটু সমস্যা তা হবেই। সব সমালোচনাই ক্ষমতাসীনদের ভালো লাগবে না, এটাই নিয়ম। মত প্রকাশের জন্য মুক্ত পথের কথা যাই বলি, সে পথটা আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। শিল্প সমালোচকদের অতশত ভয়ডর থাকলে তো আর চলে না। শিল্পের স্বাধীনতা প্রতিষ্ঠায় মুক্তবাকের শুরুটা তো তাদেরই করতে হবে।”

অবশ্য ভারিক্কি এই আলোচনা হালকা করতে শিল্প সমালোচকদের নিয়ে ঠাট্টা করতেও ছাড়েননি বার্টেলিক।  

“বহু দেশে আমি গিয়েছি। পাঁচ হাজারের বেশি চিত্র সমালোচককে আমি কমবেশি জানি। কিন্তু আমার কি মনে হয় জানো? এদের আসলে খেয়েপড়ে কাজ নেই। যত্তসব অকাজের কাজী।”

পুরকৌশলের গাণিতিক মারপ্যাঁচের চেয়ে রংতুলির শিল্পকেই বার্টেলিক ‘শাশ্বত সুন্দর’ ভেবে এসেছেন সারা জীবন। শিল্পকর্মের নানা ধারায় যখন বিবর্তন আসে; পুরনো ক্যানভাসে যখন নতুন রঙ চড়ে, নতুন ফরমে আঁকতে শুরু হয় নতুন কোনো শিল্পকর্ম, তখন সুন্দর যেন ঈশ্বরের মতোই প্রতিভাত হয় ‘ধার্মিক’ বার্টেলিকের চোখে।

ঢাকা আর্ট বিয়েনালে এর আগেও এসেছেন মারেক বার্টেলিক। ২০১৫ সালে এসে বেশ কয়েকটি আসরে কিউরেসি নিয়ে সমালোচনার বাণে বিদ্ধ করেছিলেন আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমিকে।

আর এবার তরুণদের প্রতি তার পারমর্শ- রাতারাতি বিশ্ব মাত করে ফেলার কোনো তত্ত্ব যেন তারা একেবারেই না খোঁজেন।

“ভালো কথা আর্ট বিয়েনাল হচ্ছে। এখানে সুযোগ পেয়ে হয়ত সমালোচকদের প্রশংসা পাওয়া গেল, একটা পুরস্কারও হয়ত মিলে গেল। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু দৌঁড় প্রতিযোগিতা না।”

বার্টেলিক বলেন, “চিত্রকলায় উন্নতি করতে হবে, আর সেটা সম্ভব। শুধু একটু সময় দাও। আরো অনেক অভিজ্ঞতা সঞ্চয় কর।”

তিন দশকের বেশি সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে লিখে আসা মারেক বার্টেলিকের লেখা ‘টু ইনভেন্ট এ গার্ডেন: দ্য লাইফ অ্যান্ড আর্ট অব আজা ইয়ঙ্কারর্স’,‘দ্য স্কাল্পচার অব উরুসুলা ভন রাইডিংসভার্ড’, ‘আর্লি পোলিশ মডার্ন আর্ট’’, ‘মারেক রথকো’ প্রকাশিত হয়েছে বই আকারে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ইস্ট সিক্সথ স্ট্রিট: ফিফটি পয়েমস’ প্রকাশিত হয় ২০০৬ সালে।

বার্টেলিক জানান, ঢাকা থেকে ফিরে গিয়ে ঢাকা আর্ট বিয়েনাল নিয়েও তিনি লিখবেন বিশদ পরিসরে।