জামিন পেয়েছেন ধানমণ্ডির কফিশপের মালিক
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন ধানমণ্ডির একটি কফিশপের মালিক ফারিয়া মাহজাবিন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক মঙ্গলবার জামিন দিয়েছেন বলে ফারিয়ার আইনজীবী আইনজীবী জায়েদুর জাহিদ জানিয়েছেন।
ঢাকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করা ফারিয়া মাহজাবিন (২৮) ধানমণ্ডিতে নার্ডি বিন কফি হাউজ নামে একটা কফিশপ চালান।
গত ১৬ অগাস্ট রাতে হাজারীবাগ থানাধীন হাজী আফসার উদ্দিন রোডের বাসা থেকে ফারিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
ওইদিন র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারিয়া ফেইসবুক মেসেঞ্জার ব্যবহার করে ছাত্র আন্দোলনকে ‘ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে’ বিভিন্ন রকম ‘উসকানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত আডিও ক্লিপ’ ছড়াচ্ছিলেন।
সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও ফারিয়া ও তার ‘সহযোগীরা অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা’ চালাচ্ছিলেন বলেও সেখানে অভিযোগ করা হয়।
মামলা হওয়ার পর ফারিয়াকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
