ট্রাফিক আইন মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে কর্মসূচি
ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মহানগরীসহ দেশের ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকল কার্যক্রম বাস্তবায়ন পরিবীক্ষণের লক্ষ্যে গঠিত উচ্চ-পর্যায়ের কমিটির প্রথম বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান সভাপতিত্বে এই বৈঠকে ঈদুল আজহার আগে ও পরে ঢাকাসহ সারা দেশের সড়ক দুর্ঘটনা এবং সার্বিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পথচারীদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ করছেন ট্রাফিক পুলিশ। ছবি: আব্দুল্লাহ আল মমীন
ফুটওভার ব্রিজ থাকার পরও ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় পথচারীদের ধরে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আব্দুল্লাহ আল মমীন
রুট পারমিট ছাড়া যানবাহন যাতে রাস্তায় চলাচল করতে না পারে এবং ট্রাফিক আইন সঠিকভাবে পরিপালন করা হয় তার জন্য মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করার নির্দেশ দেওয়া হয় এই বৈঠক থেকে।
স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তায় সারাদেশের সড়ক, মহাসড়কগুলোকে সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্কের আওতায় আনার জন্যপ্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
